প্রতিমন্ত্রীর গাড়ি ভাঙচুরের মামলায় ৬১ আসামির আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর গাড়ি ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় করা দুটি মামলায় শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের সমর্থক ৬১ জন আসামি হাইকোর্ট থেকে ছয় মাসের আগাম জামিন পেয়েছেন। বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত বুধবার এই আদেশ দেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। জেলা জাতীয় পার্টির সভাপতি ও শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন ৬১ আসামির জামিন পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে মামলার তিন আসামি চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন, শেরপুর জেলা জাতীয় পার্টির নেতা জয়নাল আবেদীন ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হাইকোর্ট থেকে জামিন নেন। গত ১ ডিসেম্বর পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে শেরপুর সদর উপজেলার কামারের চর এলাকায় যান। এ সময় প্রতিমন্ত্রীর উপস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগ ও উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। চেয়ারম্যান মো. ইলিয়াছ উদ্দিন আওয়ামী লীগের সমর্থকদের হামলায় আহত হন। এ ঘটনার জের ধরে ইলিয়াছের সমর্থকেরা প্রতিমন্ত্রীর গাড়িবহরে হামলা চালান।