প্রতিমন্ত্রীর দরদি এপিএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সহকারী একান্ত সচিব (এপিএস) জিএমজির এয়ারলাইনসের দুজন কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে এপিএস দাবি করেন, প্রতিমন্ত্রীকে বিমানে উঠিয়ে অপমান করায় তিনি সহ্য করতে পারেননি। তাই ওই দুই কর্মকর্তাকে বকাঝকা করেছেন; শারীরিকভাবে লাঞ্ছিত করেননি।বিমানবন্দর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জিএমজির এয়ারলাইনসের উড়োজাহাজ ছাড়ার প্রায় ২০ মিনিট আগে প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এপিএস মাঈনুদ্দীন হাছান ওরফে বাবলুকে নিয়ে মঙ্গলবার রাতে বিমানবন্দরে যান। তাঁরা যাওয়ার আগেই উড়োজাহাজের ৫০টি আসনের সবই বুকিং হয়ে যায়। তবে অনলাইনে দেখে মাঝামাঝি সারির একজনের বরাদ্দ করা আসন খালি দেখা যায়। কর্মকর্তারা ওই আসনটি (নম্বর-১২) প্রতিমন্ত্রীর নামে বরাদ্দ দেন। জিএমজির কর্মীরা আসনটি পরিবর্তন করে সামনের প্রথম সারিতে (নম্বর সি-২) আনার চেষ্টা করছিলেন।উড়োজাহাজে উঠে দেখা যায়, সি-২ নম্বর আসনে একজন যাত্রী বসা। জিএমজির কর্মীরা ওই যাত্রীকে বুঝিয়ে পেছনের ১২ নম্বর আসনে যেতে রাজিও করান। কিন্তু এরই মধ্যে ১০-১৫ মিনিট প্রতিমন্ত্রীকে উড়োজাহাজে ওঠার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। এরই মধ্যে প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা এপিএস মাঈনুদ্দীন উড়োজাহাজে উঠে জিএমজির দুই কর্মীকে (নাম-পরিচয় গোপন রাখতে অনুরোধ করেন) টেনেহিঁচড়ে নিচে নামিয়ে কিল-ঘুষি মারেন। অনাকাঙ্ক্ষিত এ ঘটনা দেখে উড়োজাহাজের যাত্রীরা হতবাক হয়ে যান। অথচ মাঈনুদ্দীন ওই উড়োজাহাজের যাত্রী ছিলেন না। নিয়মানুযায়ী তিনি উড়োজাহাজে চড়তে পারেন না।বিমানবন্দর সূত্র জানায়, জিএমজির ওই ফ্লাইট ছাড়ার কথা ছিল রাত আটটা ৩৫ মিনিটে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ৪৫ মিনিট দেরিতে ফ্লাইট যাত্রা করে।মাঈনুদ্দীন বলেন, ‘জিএমজির লোকজন প্রতিমন্ত্রীকে উড়োজাহাজে দাঁড় করিয়ে রেখে এবং একবার সামনে আবার পেছনে নিয়ে অপমান করেছেন। এ অপমান সহ্য করতে না পেরে আমি তাদের বকেছি। বলেছি, জিএমজি কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেব। আমি কাউকে মারধর করিনি।’যাত্রী না হয়ে কীভাবে উড়োজাহাজে উঠলেন জানতে চাইলে মাঈনুদ্দীন বলেন, ‘আমি উড়োজাহাজে উঠিনি। মন্ত্রীর অপমান দেখে রানওয়েতে দৌড়ে গেছি। সেখানে আমরা মন্ত্রীকে ফুল দিতে গিয়েছিলাম।’ঘটনা সম্পর্কে জানতে প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। প্রতিমন্ত্রীর গণসংযোগ কর্মকর্তা মোস্তফা কামাল পাশা প্রথম আলোকে বলেন, ‘প্রতিমন্ত্রী ঠিকমতো আসন না পেয়ে বিব্রত হওয়ার বিষয়ে আমরা বুধবার (গতকাল) দুপুরে জিএমজি কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছি।’ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে জিএমজির কর্মীদের মারধরের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘মাঈনুদ্দীন বাড়াবাড়ি করেছেন। এ জন্য তাঁকে বকাঝকা করা হয়েছে। তাঁকে আর এপিএস হিসেবে রাখা হবে না বলে প্রতিমন্ত্রী আমাকে জানিয়ে দিতে বলেছেন।’বিমানবন্দরে মঙ্গলবার রাতে কর্মরত জিএমজির কর্মীরা জানান, প্রতিমন্ত্রীর জন্য আগে কোনো বুকিং ছিল না। তিনি যখন আসেন, তার আগেই সব আসন পূর্ণ হয়ে যায়। তার পরও তাঁরা প্রতিমন্ত্রীকে একটি ভালো আসন দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁর এপিএস তাঁদের সঙ্গে যে আচরণ করলেন তা দুঃখজনক। তাঁরা বিষয়টি জিএমজির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিমানবন্দর ব্যবস্থাপককে লিখিতভাবে জানান।প্রতিমন্ত্রীর একান্ত সচিব এ কে এম রফিক আহমদ গতকাল জিএমজির মহাব্যবস্থাপকের কাছে দেওয়া চিঠিতে বলেন, ‘সরকারি সফরকালে গত ২৬ জানুয়ারি রাতে প্রতিমন্ত্রী বিমানবন্দরে গিয়ে জানতে পারেন, তাঁর জন্য কোনো আসন বুকিং নেই। ফলে তিনি বিমানবন্দরে বিব্রতকর পরিস্থিতির শিকার হন। অথচ ২৬ জানুয়ারি প্রতিমন্ত্রীর জন্য ঢাকা-চট্টগ্রাম রুটে তিনটা ১৫ মিনিটের এবং চট্টগ্রাম-ঢাকা রুটের জন্য আটটা ৩৫ মিনিটের অগ্রিম বুকিং ঢাকা থেকেই কনফার্ম করা হয়।’ এতে আরও বলা হয়, ‘এর পরও প্রতিমন্ত্রীকে উড়োজাহাজে ওঠার জন্য প্রায় ২০ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, যা অত্যন্ত অসৌজন্যমূলক।’