প্রতিমন্ত্রীর নির্দেশে মিল্ক ভিটার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিল্ক ভিটা তরল দুধের খুচরা দাম বাড়ানোর পর পরই সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর নির্দেশে তা প্রত্যাহার করে নিয়েছে দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন (মিল্ক ভিটা)।গত ২৮ ও ২৯ নভেম্বর মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির বৈঠকে ১ ডিসেম্বর থেকে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৈঠকে প্রতি লিটার দুধের খুচরা দাম ৪৮ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, গতকাল বুধবার বিকেলে মিল্ক ভিটা থেকে সমবায় অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে মিল্ক ভিটার মহাব্যবস্থাপক নাসিম আহমেদ উল্লেখ করেন ব্যবস্থাপনা কমিটির বৈঠকে ১ ডিসেম্বর থেকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।দাম প্রত্যাহারের কারণ হিসেবে চিঠিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের নির্দেশের কথা বলা হয়। এতে বলা হয়, ২ ডিসেম্বর থেকে যথারীতি আগের দামে তরল দুধ বিক্রি হবে।গত মঙ্গলবার ডিলারদের প্রতি দেওয়া মিল্ক ভিটা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গতকাল ডিলাররা বাজারে যে খুচরা প্যাকেট সরবরাহ করেন, তাতে ৪৮ টাকার বদলে ৫০ টাকা মূল্যের স্টিকার লাগানো হয়েছিল।জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রথম আলোকে বলেন, ‘দাম বাড়ানোর বিষয়ে আমি কিছুই জানি না। মন্ত্রণালয়কে এ ব্যাপারে কিছুই অবহিত করা হয়নি।’ মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল দুপুরে বিষয়টি জানার পর প্রতিমন্ত্রী দ্রুত দাম বৃদ্ধির উদ্যোগ বাতিলের নির্দেশ দেন।মিল্ক ভিটা কর্তৃপক্ষের এককভাবে দাম বাড়ানোর এখতিয়ার নেই দাবি করে সমবায় অধিদপ্তরের নিবন্ধক মুশফেকা ইফকাত গতকাল প্রথম আলোকে বলেন, ‘মিল্ক ভিটা কর্তৃপক্ষ সভা করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আমরা আলোচনা করে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করেছি।’মিল্ক ভিটার মহাব্যবস্থাপক নাসিম আহমেদের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘মূল্য বৃদ্ধির আদেশ স্থগিত, দুঃখিত এর বেশি কিছু বলতে পারব না।’ জানা গেছে, কিছুদিন ধরেই মিল্ক ভিটাকে লাভজনক করার জন্য খুচরা পর্যায়ে দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থাপনা কমিটি বৈঠক করে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয়।গতকাল রাতে সমবায় অধিদপ্তর আরেক দফা বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়, ১ ডিসেম্বর থেকে মিল্ক ভিটা পাস্তুরিত দুধের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত অনিবার্য কারণবশত মিল্ক ভিটা কর্তৃপক্ষের মাধ্যমে বাতিল করা হয়েছে। ২ ডিসেম্বর থেকে আগের মূল্যে দুধ বিক্রয় হবে।