প্রতিমন্ত্রীর পছন্দের কমিটিই করল রিহ্যাব
অবশেষে সাবেক সভাপতি ও প্রতিমন্ত্রীর পছন্দের কমিটিই গঠন করল আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব৷ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আরবিট্রেশন ট্রাইব্যুনালে অনিয়মের অভিযোগ বিচারাধীন থাকা অবস্থাতেই রিহ্যাবের নির্বাচন বোর্ড নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে।
গতকাল শনিবার সকালে নামের তালিকা প্রকাশ করার পর রাতেই আলমগীর সামসুল আলামিনকে সভাপতি ও মো. ওহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২৪ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। রিহ্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়ে বিষয়টি জানানো হয়। ফলে ভোটাভুটি ছাড়াই নির্বাচন–প্রক্রিয়াটি সম্পন্ন করা হলো৷
এই নির্বাচন–প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কয়েক দিন ধরেই অভিযোগ করছিলেন কয়েকজন প্রার্থী। তাঁরা বলছেন, আদালতে বিষয়টি বিচারাধীন, তাই নির্বাচন বোর্ডের তালিকা প্রকাশ কিংবা পরে কমিটি গঠন সবই অবৈধ।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি অন্যায় বা ভুল করলে আরবিট্রেশন ট্রাইব্যুনালের রায়ে প্রতিফলন ঘটবে। তার পরও তাঁরা সন্তুষ্ট না হলে হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টে যেতে পারেন।’
এফবিসিসিআইয়ের আর্বিট্রেশন ট্রাইব্যুনালে নির্বাচনে অংশ নেওয়া পাঁচ প্রার্থীর অভিযোগের বিষয়ে গতকাল বিকেলে রায় ঘোষণার কথা ছিল। গত বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হয়। তবে শেষপর্যন্ত রায় ঘোষণা করেননি ট্রাইব্যুনাল।
আর্বিট্রেশন কমিটি জানায়, রায় ঘোষণার আগেই রিহ্যাব নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করে। এটি কতখানি বৈধ এবং এটির আইনি কোনো ভিত্তি আছে কি না, তা যাচাই-বাছাই করতে শেষ পর্যন্ত রায় ঘোষণা স্থগিত করা হয়। আইনি মতামত নিয়েই দুই-এক দিনের মধ্যে রায় ঘোষণা হবে।
তবে আর্বিট্রেশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান এ কে আজাদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
রিহ্যাব কার্যকরী পরিষদের নির্বাচন নিয়ে জালিয়াতির অভিযোগ করে আর্বিট্রেশন ট্রাইব্যুনালে মামলা করেন সফিক রহমান, মোমিন ইসলাম, আবু ইউসুফ মো. আবদুল্লাহ, সৈয়দ নজরুল ও জেবা আমিন খান। ৩১ মে রিহ্যাবের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
খোঁজ নিয়ে জানা যায়, গত মার্চে নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটের মাধ্যমে নয়, বরং বাছাই করেই রিহ্যাবের কমিটি করার পক্ষপাতী ছিল একটি পক্ষ। আর এটির নেতৃত্বে ছিলেন রিহ্যাবের সাবেক সভাপতি এবং বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তাঁর পছন্দের লোক দিয়ে তৈরি একটি তালিকা অনুযায়ী নির্বাচন বোর্ড চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে।
সাতসকালেই নির্বাচিতদের তালিকা: গতকাল সকালেই নির্বাচন বোর্ড কেন্দ্রীয় ২১ জন নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের তিনজনের নামের তালিকা প্রকাশ করে। বেলা দুইটার দিকে রিহ্যাবের কার্যালয়ে ছয়তলায় গিয়ে দেখা যায়, নির্বাচিতদের তালিকা একাধিক নোটিশ বোর্ডে ঝুলছে। এক কর্মকর্তা জানালেন, সকালেই এই তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, রিহ্যাবের ২০১৪-১৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ১৪ মে পর্যন্ত কেন্দ্রীয় ৭৭ জন প্রার্থীর মধ্যে ৫৬ জন এবং চট্টগ্রাম আঞ্চলিক পাঁচজনের মধ্যে দুজনসহ মোট ৫৮ প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪-এর ১৭ বিধি অনুযায়ী, মনোনয়ন প্রত্যাহার করার পর বৈধ প্রার্থীর সংখ্যা হয় কেন্দ্রীয় ২১ এবং চট্টগ্রাম আঞ্চলিক তিনজন। আর বৈধ ও নির্বাচনযোগ্য সদস্যসংখ্যার সমান হওয়ায় এই প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হলো।
এ বিষয়ে ভ্যালেনটাইন প্রপারটিসের ব্যবস্থাপনা পরিচালক সফিক রহমান প্রথম আলোকে বলেন, পুরো নির্বাচনপ্রক্রিয়াটিই জালিয়াতি। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর বিরুদ্ধে কালই (আজ রোববার) হাইকোর্টে যাব। তিনি জানান, ইতিমধ্যে জেবা আমিনসহ একাধিক প্রার্থী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন।
এ বিষয়ে বর্তমান সভাপতি মোকাররম হোসেন খান বলেন, ‘নির্বাচন বোর্ড ভুল করেছে। তাঁরা আইন ভঙ্গ করে কাজটি করেছেন। নির্বাচন নিয়ে অভিযোগের শুরুতেই আমি নির্বাচন বোর্ডের চেয়ারম্যানকে মুঠোফোনে বলেছিলাম রিহ্যাবের ভাবমূর্তি নষ্ট হতে দিয়েন না।’
নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য: গত শুক্রবার প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে লিয়াকত আলী ভূঁইয়া দাবি করে বলেন, ‘সংগঠনের নিয়ম অনুযায়ী সাবেক সভাপতি, বর্তমান সভাপতি মোকাররম হোসেন খান, সভাপতি পদপ্রত্যাশী আলমগীর সামসুল আলামিন এবং আমি নিজে একাধিক বৈঠক করে ওই তালিকা তৈরি করেছি।’
তবে গতকাল মোকারকম হোসেন এই প্রতিবেদককে বলেন, ‘লিয়াকত সাহেব যে কথা বলেছেন তা সঠিক নয়। আমি চেয়েছিলাম ভালো একটি কমিটি হোক। সাবেক সভাপতি নসরুল হামিদের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। তবে ২৪ জনের তালিকা করা ও বাকিদের বঞ্চিত করার বিষয়ে কোনো ধরনের বৈঠকে আমি উপস্থিত ছিলাম না।’
মোকাররম হোসেন খান এবারের নির্বাচন নিয়ে বলেন, ‘এতভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে যে তা দুঃখজনক। এ জন্য আমি নির্বাচন বোর্ডের চেয়ারম্যানকেই দায়ী করব।’
পরে এ বিষয়ে জানতে চাইলে লিয়াকত আলী ভূঁইয়া বলেন, ‘কোথায় কখন কে কে বৈঠক করেছেন আমার কাছে সব তথ্যপ্রমাণ আছে।’
সংশোধনী: গত শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২১ থেকে ২৬ মার্চ পর্যন্ত ৮৯ জন মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী বোর্ড এর মধ্যে ৮৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করে। প্রকৃতপক্ষে মার্চ নয়, এপ্রিল এবং বৈধ প্রার্থীর সংখ্যা ৮২ হবে।