প্রতিমন্ত্রীর প্রটোকল ভ্যান উল্টে খাদে আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভোটমারী এলাকায় গত বুধবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের প্রটোকল পুলিশ ভ্যান উল্টে খাদে পড়ে যায়। এ সময় প্রতিমন্ত্রীর এপিএস আবু বক্কর সিদ্দিক শ্যামল ও পুলিশের তিন সদস্য আহত হন।
একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী হাতীবান্ধা উপজেলা থেকে লালমনিরহাট সদর উপজেলায় যাওয়ার পথে ওই এলাকায় ‘সড়ক গতি নিয়ন্ত্রক’ পার হতে গিয়ে প্রটোকল পুলিশ ভ্যান খাদে পড়ে যায়। আহতদের মধ্যে পুলিশের দুই সদস্য হেলাল উদ্দিন ও নজরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতীবান্ধা থানার উপপরিদর্শক আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবু বক্কর সিদ্দিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।