প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি সুন্দরবন রক্ষা কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে আন্দোলনকারীরা যুক্তি ছাড়াই বিরোধিতা করছেন বলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহারের দাবি জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি। একই সঙ্গে সুন্দরবন রক্ষার স্বার্থে প্রকল্পটি বাতিল বা সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার দাবি জানায় কমিটি।
সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল গতকাল সোমবার এক বিবৃতিতে এ দাবি জানান। ‘প্রতিবাদী নাগরিকবৃন্দ বিদ্যুৎকেন্দ্র বিষয়ে সঠিক তথ্য-প্রমাণ ও যুক্তি ছাড়াই বিরোধিতা ও আন্দোলন করছেন’ নসরুল হামিদের এমন বক্তব্যের প্রতিবাদে এই বিবৃতি দেন তিনি। বিবৃতিতে সুলতানা কামাল বলেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আমন্ত্রণেই গত ১৯ জুন বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় নাগরিক সমাজের প্রতিনিধিরা রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধে বিজ্ঞানভিত্তিক তথ্য ও যুক্তি পরিষ্কারভাবে তুলে ধরেছেন। এর কোনোটিই সরকার পক্ষ খণ্ডন করতে পারেনি। তাই প্রতিমন্ত্রীর ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিজ্ঞপ্তি।