প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বানোয়াট খবর প্রতিবাদ গণপূর্ত মন্ত্রণালয়ের
১৮ সেপ্টেম্বর একটি দৈনিক পত্রিকায় ‘চোখের নিমিষে গুঁড়িয়ে দেওয়া হলো বাড়িটি’ শীর্ষক শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।প্রতিবাদপত্রে বলা হয়, একটি মহল গণপূর্ত প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে, যার পুরোটাই মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের ভগ্নিপতি, ছোট ভাই, ভাগ্নেসহ তাঁদের লোকজন ঢাকার দোহার উপজেলার কাটাখালী গ্রামের আবদুর রশিদের বাড়ি গুঁড়িয়ে দিয়েছেন। বাস্তবে ওই বাড়িটির সামান্য অংশ, যা আবদুর রশিদ বেআইনিভাবে জবরদখল করেছিলেন, তা সম্পূর্ণ আইনানুগভাবে আদালতের রায় ও গ্রাম্য সালিসের সিদ্ধান্তের আলোকে পুনরুদ্ধার করেন প্রকৃত মালিকেরা।প্রকৃতপক্ষে ২১ শতাংশের এ বাড়িটি মো. ছবদের খান, মিছের খান, ওয়াছ খান ও নেওয়াজ খান ১৯৪১ সালের ২৭ ফেব্রুয়ারি শ্রীমতী ফুলজান বিবির কাছ থেকে কিনে নেন। তাঁদের নামে রেকর্ডও (এসএ) হয়। পরে পারিবারিক বণ্টনে এ অংশটি নেওয়াজ খানের নামে দেওয়া হয়। নেওয়াজ খানের মৃত্যুর পর তাঁর স্ত্রী ও নয় সন্তানের নামে রেকর্ড (আরএস) হয়। তাঁরা এখানে কয়েক দশক ধরে বসবাস করে আসছেন। কিন্তু ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী পরিবারকে কোণঠাসা করতে জোর করে এই ২১ শতাংশ জায়গা থেকে তিন শতাংশ দখল করে নেন আবদুর রশিদ। এ ব্যাপারে ২০০৪ সালের ৮ জানুয়ারিতে দোহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন (নম্বর-২৯৫) নেওয়াজ খানের ছেলে মো. জুল কাদির খান। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দলিলপত্র দেখে নিশ্চিত হয়ে আবদুর রশিদকে দখলকৃত অংশটি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। রশিদ নির্দেশ অমান্য করে তৎকালীন জোট সরকারের প্রভাবশালীদের মদদে উল্টো ভয়ভীতি দেখান। এতে ভীতসন্ত্রস্ত হয়ে নেওয়াজ খানের দ্বিতীয় ছেলে আবুল হোসেন খান দোহার থানায় আরেকটি জিডি করেন (নম্বর-৩৩৮/০৫)। আবদুর রশিদ এ পর্যায়ে আরও বেপরোয়া হয়ে দখলকৃত অংশটির জন্য একটি জাল দলিল তৈরি করেন এবং প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের আত্মীয়স্বজনের নামে মিথ্যা মামলা করেন। এ অবস্থায় ২০০৯ সালের ১৮ মার্চে প্রতিমন্ত্রীর আত্মীয়স্বজনেরা গ্রাম্য সালিস ডাকেন। স্থানীয় চেয়ারম্যান ও ১৬ জন সালিসদারের সামনে আবদুর রশিদ সবার কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে দোষ স্বীকার করেন। সালিসদারেরা রশিদকে এই শর্তে ক্ষমা করে দেন যে ১৫ দিনের মধ্যে জবরদখল করা জায়গা ছেড়ে দেবেন এবং ভবিষ্যতে এ কাজ আর করবেন না। তা সত্ত্বেও রশিদ দখল করা অংশটি ছেড়ে দেননি। উপরন্তু কিছু লোক গণপূর্ত প্রতিমন্ত্রীকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য অপব্যাখ্যা ও অপপ্রচার করতে থাকেন। আর এ থেকে সুযোগ নেয় সমাজের কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তি, যাঁরা গণপূর্ত প্রতিমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপের জন্য তাঁদের অবৈধ কাজকর্ম চালাতে পারছেন না। তাই ওই দুর্নীতিপরায়ণ গোষ্ঠীটি নিজেদের পত্রিকায় প্রতিমন্ত্রীকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করেছে। ওই পত্রিকাটিয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জমিটির ব্যাপারে আদালত এখনো কোনো সিদ্ধান্ত দেননি। প্রকৃতপক্ষে আদালত মরহুম নেওয়াজ খানের ছেলে আবদুল জলিল খানের পক্ষে ১৮-০৮-১০ তারিখে রায় দেন (দোহার সহকারী জজ আদালত, ঢাকা, দেওয়ানি মোকদ্দমা নম্বর-৫০৯/১০)। এ রায়ের পর রশিদকে দখলকৃত বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য জানালে তিনি বলেন, ‘যেহেতু আদালতের রায় আপনারা পেয়েছেন সুতরাং আপনাদের জায়গা বুঝে নেন।’ এ পরিপ্রেক্ষিতে গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও সালিসদারদের উপস্থিতিতে আবদুল জলিল খান নিজের জায়গা বুঝে নেন।