প্রতিমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে সাবেক প্রতিমন্ত্রীর ছেলের জিডি
লালমনিরহাটের হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাংসদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ছেলে মাহমুদুল হাসান। তিনি এই জিডি করেছেন বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার ছোট ভাই মহিউল ইসলামের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, মুঠোফোনে তাঁকে হুমকি দিয়েছেন মহিউল। গতকাল সোমবার রাতে এই জিডি করা হয়।
মাহমুদুল হাসান হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি জিডিতে উল্লেখ করেছেন, ‘গত রোববার রাত সোয়া ১১টার দিকে মহিউল ইসলাম আমাকে মুঠোফোনে হুমকি দিয়ে বলেন, “অধঃপতন শুরু হয়েছে। আমাকে ও আমার বাবাকে জনগণ নাকি রাস্তায় আটক করে মারধর করবে।” এতে আমি সামাজিকভাবে অপমানিত বোধ করায় বিষয়টি জিডি করে রাখলাম।’
জানতে চাইলে মহিউল সাংবাদিকদের বলেন, ‘আমি তাঁকে কোনো রকম হুমকি–ধমকি দিইনি। মাহমুদুল সেদিন রাতে আমাকে ফোন করে বিভিন্ন কথা বলার একপর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আমি তাঁকে ফোন দিয়ে বিভিন্ন বিষয়ে সৎ পরামর্শ দিয়েছি মাত্র।’
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জিডির সত্যতা নিশ্চিত করেছেন।