প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন মেয়ররা!
নির্বাচন সামনে রেখে সব সিটি করপোরেশনের মেয়রদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আগে অনীহা থাকলেও এখন সাবেক, বর্তমান একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকার মেয়রদের হাতে রাখতে এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগে তদবিরও শুরু করেছেন।
জানা গেছে, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুসারে মেয়রদের অবস্থান নির্ধারণে গতকাল স্থানীয় সরকার বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
গত ২০ নভেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কাছে চিঠি পাঠান। সে চিঠিতে বলা হয়, সিটি করপোরেশনের মেয়ররা সংসদ সদস্যদের চেয়ে বড় নির্বাচনী এলাকায় ভোটে নির্বাচিত হন, সে জন্য তাঁদের অবস্থান সাংসদদের ওপরে রাখা যথাযথ হবে।
এর আগে রাজধানী ঢাকা ছাড়া সাবেক মেয়ররা প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেও খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, গাজীপুর ও নারায়ণগঞ্জের মেয়রদের সে রকম বিশেষ মর্যাদা নেই। ফলে মেয়ররা পদমর্যাদার দিক থেকে সাংসদ তো নয়ই, বরং সচিবদের নিচে রয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয় এই অবস্থান যথোপযুক্ত নয়। এতে বলা হয়, অন্তত ছয়টি মহানগর—চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুরের মেয়রদের উচ্চতর মর্যাদা দেওয়া উচিত। ঢাকার অবস্থান নির্বাচন হওয়ার সময় বা পরে ঠিক করা যেতে পারে।
জানতে চাইলে স্থানীয় সরকার সচিব আবু আলম মোহাম্মদ শহিদ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানোর কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘পদমর্যাদা নির্ধারণের বিষয়টি সংবেদনশীল। তাঁরা জনগণের ভোটে নির্বাচিত, তাই নগরের পিতা। সুতরাং তাঁদের মন্ত্রী বা প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না।’
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে বলেছিল রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের মেয়ররা প্রতিমন্ত্রীর পদমর্যাদাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই বিভাগের সাড়ে চার বছর পর গত ২৭ মার্চ এক চিঠিতে জানানো হয়, ‘সিটি করপোরেশনের মেয়রদের মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধার সঙ্গে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রীর পদমর্যাদার কোনো সম্পর্ক আছে বলে প্রতীয়মান হয় না।’
বিদেশ সফরের সময় মেয়রদের প্রতিমন্ত্রীর মতো বিজনেস ক্লাসের টিকিট দেওয়া হচ্ছে। আবার ছুটির জন্য স্থানীয় সরকারমন্ত্রী বরাবর আবেদন পাঠানো হলে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাচ্ছে। মন্ত্রী-প্রতিমন্ত্রীর ছুটি অনুমোদন করেন সরকারপ্রধান।
প্রতিমন্ত্রীর পদমর্যাদা না দেওয়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আইনের কোথাও উল্লেখ করা হয়নি মেয়ররা প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন। এত দিন আইনবহির্ভূতভাবে এ মর্যাদা দেওয়া হয়েছিল।