প্রতিমন্ত্রীর সংবর্ধনা শীতে রাস্তায় শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা-২ আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার গতকাল তাঁর সংবর্ধনায় যোগ দিতে শালিখার বিহারী লাল মহাবিদ্যালয়ে যান। তাঁকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয়। বেলা সাড়ে ১০টায় তোলা ছবি। প্রথম আলো
মাগুরা-২ আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার গতকাল তাঁর সংবর্ধনায় যোগ দিতে শালিখার বিহারী লাল মহাবিদ্যালয়ে যান। তাঁকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে স্কুল-কলেজের শিক্ষার্থীদের দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয়। বেলা সাড়ে ১০টায় তোলা ছবি। প্রথম আলো

মাঘের হাড়কাঁপানো শীতের সকাল। সূর্যের দেখা নেই। এরই মধ্যে খোলা যায়গায় সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা হয় প্রাথমিক বিদ্যালয়ের শিশুসহ স্কুল-কলেজ-মাদ্রাসার কয়েক শ শিক্ষার্থীকে। তাদের হাতে ছিল ফুলের পাপড়ি ও মালা।
মাগুরা-২ আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারকে সংবর্ধনা জানাতেই গতকাল বুধবার সকালে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের শীতের মধ্যে এভাবে দাঁড় করিয়ে রাখা হয় শালিখা উপজেলার আড়পাড়া থেকে সিংড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে। এই সড়ক দিয়ে সিংড়ায় প্রতিমন্ত্রী তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত বিহারী লাল ডিগ্রি কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে যান।
মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল প্রথম আলোকে বলেন, সংবর্ধনার জন্য রাস্তার পাশে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এটা দণ্ডনীয় অপরাধ। তবে যাঁর জন্য শিক্ষার্থীদের রাস্তার পাশে দাঁড় করানো হবে, সে বিষয়ে তিনি আগে থেকে সচেতন হলে ভালো হয়।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী মাগুরা শহর থেকে শালিখা উপজেলা সদর আড়পাড়ায় পৌঁছান দুপুর ১২টার দিকে। এর আগে সকাল ১০টা থেকেই আড়পাড়া-সিংড়া সড়কের দুপাশে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে দেওয়া হয়। প্রতিমন্ত্রীকে সড়কের প্রবেশপথে প্রথমে স্বাগত জানায় আড়পাড়া আইডিয়াল হাইস্কুল ও আড়পাড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর পথে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা নিতে নিতে বেলা দেড়টায় সিংড়ায় সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান প্রতিমন্ত্রী।
ফুল হাতে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে ভুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মো. পাপন বলে, ‘মন্ত্রী এই রাস্তা দিয়ে যাবে, তাই স্যারেরা এখানে নিয়ে এসেছে। সকাল ১০টার দিকে এসেছি। খুবই শীত।’ ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র লিমন বলে, ‘আমি কিছু জানি না।’
আড়পাড়া আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক এ কে এম খায়রুজ্জামান বলেন, আড়পাড়া থেকে সিংড়া পর্যন্ত রাস্তার আশপাশের সব স্কুলের শিক্ষার্থীরাই প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার পাশে ছিল। তিনি দাবি করেন, কারও নির্দেশে এটা করা হয়নি।
ধনেশ্বরগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রঞ্জিত বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে সোনার অংটিসহ নানা উপহার দেওয়া হয়। ধনেশ্বরগাতি ইউনিয়ন আওয়ামী লীগ, ধনেশ্বরগাতি ইনিয়ন পরিষদ (ইউপি), বিহারী লাল ডিগ্রি কলেজ, সিংড়া তিলখাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।