প্রতিমন্ত্রীর সংশ্লিষ্টতা নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুদের দেওয়া সম্মাননা ক্রেস্ট জালিয়াতিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের সংশ্লিষ্টতা খুঁজে পাচ্ছে না সংসদীয় তদন্ত কমিটি।
গতকাল রোববার সংসদ ভবনে তদন্ত কমিটির তৃতীয় বৈঠক হয়। এতে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, সচিব কে এইচ মাসুদ সিদ্দিক ও সাবেক সচিব মিজানুর রহমানকে ডাকা হয়।
রাতে টেলিফোনে তদন্ত কমিটির আহ্বায়ক আফসারুল আমিন প্রথম আলোকে বলেন, ‘এখনো সিদ্ধান্ত জানানোর মতো পর্যায়ে আমরা আসিনি। জিজ্ঞাসাবাদে ক্রেস্ট জালিয়াতিতে এখন পর্যন্ত কমিটি সাবেক প্রতিমন্ত্রীর কোনো সংশ্লিষ্টতা পায়নি। তবে সাবেক ও বর্তমান সচিব যে দায়িত্বে অবহেলা করেছেন, সে বিষয়ে কমিটি নিশ্চিত হয়েছে।’ তিনি জানান, তদন্ত কমিটি আর একটি বৈঠক করে চূড়ান্ত সুপারিশ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির কাছে জমা দেবে।
ইতিমধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিয়েছে। তাতে তাজুল ইসলাম, সাবেক ও বর্তমান সচিবসহ ১৩ কর্মকর্তা ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়ী করা হয়েছে।
বৈঠক সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম জানিয়েছেন, ক্রেস্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের সব বিলে তিনি সই করেননি।