প্রতিমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে হত্যা মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলায় গতকাল সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদের সঙ্গে একই মঞ্চে একটি হত্যা মামলার আসামি আলী মিয়াকে দেখা গেছে। অথচ তাঁকে ছয় মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশ দাবি করছে। তবে মহমঞ্চদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা বলেন, তিনি আলী মিয়ার বিরুদ্ধে মামলা সম্পর্কে অবগত নন। স্থানীয় সূত্র জানায়, মহমঞ্চদপুর উপজেলার নহাটা এলাকায় নুরুল শেখ নামের এক ব্যক্তিকে গত ২০ জুলাই হত্যা করা হয়। ওই ঘটনায় আলী মিয়াকে দ্বিতীয় আসামি করে মামলা হয়। তিনি নহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। উপজেলা সদরে শ্রী বীরেন শিকদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল দুপুরে আওয়ামী লীগের এক সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বীরেন শিকদার। সভামঞ্চে তাঁদের সঙ্গে আলী মিয়ার উপস্থিতি দেখে স্থানীয় লোকজন বিস্ময় প্রকাশ করেন। নহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা সিদ্দিকী প্রথম আলোকে বলেন, স্থানীয় সাংসদ বীরেন শিকদারের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ আলী মিয়াকে গ্রেপ্তার করছে না। মুঠোফোনে যোগাযোগ করা হলে আলী মিয়া বলেন, ‘আমার বিষয়টি বাদ দিয়ে লেখা যায় না? ওই মামলাটি মিথ্যা। আমি হাইকোর্ট থেকে দুই মাসের অন্তর্বর্তী জামিন নিয়েছিলাম। জামিনের মেয়াদ শেষ। তবে এখন পুলিশের পরামর্শ মেনে চলছি।’ এ বিষয়ে কথা বলতে গতকাল বীরেন শিকদারের মুঠোফোনে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। তিনি সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।