প্রতিমন্ত্রীর সম্মান রক্ষার্থে ভোটারদের অসম্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের আগে থেকেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর জয়-পরাজয়কে স্থানীয় সাংসদ এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সমঞ্চান রক্ষার বিষয় হিসেবে প্রচার করেন দলটির নেতা-কর্মীরা। আর প্রতিমন্ত্রীর সম্মান রক্ষায় ‘যেকোনো উপায়ে’ হোক তাঁরা এ নির্বাচনে জেতার পরিকল্পনা করেন।
নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে গত সোমবার সেই পরিকল্পনারই বাস্তবায়ন করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। প্রশাসনের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে ভোটকেন্দ্র থেকে ভোটারদের মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে বের করে দিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে সিল মেরে তাঁকে বিজয়ী করেছেন দলটির নেতা-কর্মীরা। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত ওই প্রার্থীর ভোটের ব্যবধান বিশাল।
বিষয়টি এলাকাবাসীর আলোচনা-সমালোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রে গিয়েও ভোট দিতে না পারায় সাধারণ ভোটার এমনকি আওয়ামী লীগের সমর্থক অনেক ভোটারের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্বাচনে মির্জা আজমের ঘনিষ্ঠ আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুর রহমান এত বেশি ভোট পেয়েছেন যে দলটির নেতা-কর্মী ও দায়িত্ব পালনকারী প্রিসাইডিং কর্মকর্তাদের কেউ কেউ ‘লজ্জা’ পাচ্ছেন।
পৌর এলাকার একটি কেন্দ্রে দায়িত্ব পালনকারী একজন প্রিসাইডিং কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল প্রথম আলোকে বলেন, ‘নৈতিকভাবে খুবই ছোট মনে হচ্ছে। লজ্জাও লাগছে। কিন্তু এখানে আমরা ছিলাম অসহায়।’ পৌর এলাকার রকিবুল নামের এক ব্যক্তি বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনেও ভোট কেড়ে নিল, এবারও ভোট দিতে পারলাম না।’
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এখানে চেয়ারম্যান পদে ৮৭ দশমিক ২৪ শতাংশ ভোট পড়েছে। ভোটার সংখ্যা এক লাখ ৪৪ হাজার ৯৩২। কাস্টিং ভোটের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী একাই পেয়েছেন এক লাখ ৩২ হাজার ২৩০টি ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত ফায়েজুল ইসলাম পেয়েছেন মাত্র নয় হাজার ৯৫১টি ভোট। কেন্দ্র দখল ও জবরদস্তির অভিযোগ এনে ভোটের দিন বেলা ১১টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি-সমর্থিত ওই প্রার্থী।
অবশ্য ভোট গ্রহণের দিন ওবায়দুর রহমান কারচুপির অভিযোগ অস্বীকার করেন। নির্বাচন নিয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবনকৃষ্ণ সাহা বলেন, প্রতিমন্ত্রী এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। এ জন্যই মানুষ লাইন ধরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে ভোট দিয়েছেন। পরাজিত হয়ে বিএনপির প্রার্থী এখন নানা অভিযোগ করছেন।
ভোটের ফল পর্যালোচনায় দেখা গেছে, প্রতি কেন্দ্রেই ক্ষমতাসীন দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ‘অস্বাভাবিক’ হারে ভোট পেয়েছেন। নিকটতম বিএনপি-সমর্থিত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ওই প্রার্থীর ভোটের ব্যবধান আকাশ-পাতাল। চরবওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ক্ষমতাসীন দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী পেয়েছেন দুই হাজার ২১৪টি ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী পেয়েছেন মাত্র ১৪টি ভোট। চাঁদপুর সন্ধ্যাজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী পেয়েছেন দুই হাজার ৩৬৫টি ভোট। আর বিএনপি-সমর্থিত প্রার্থী পেয়েছেন ৪৪টি ভোট। প্রায় প্রতিটি কেন্দ্রেই এ চিত্র দেখা গেছে।
বিএনপি-সমর্থিত প্রার্থী থেকে শুরু করে এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো নির্বাচনেই ক্ষমতাসীন দলের প্রতি নমনীয় ছিল।
ভোটের দিন বিভিন্ন কেন্দ্র ঘুরে পুলিশকে নিষ্ক্রিয় দেখা গেছে। ভোট কারচুপি ও প্রশাসনের নির্বিকার থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুজ্জামানের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি, শুধু বলেন, ‘আমার বিবেক অনুযায়ী কাজ করেছি।’