প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে শ্রমিক ধর্মঘট স্থগিত, উৎপাদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা তাঁদের ধর্মঘট কর্মসূচি ২৫ জুন পর্যন্ত স্থগিত করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর  রহমানের হস্তক্ষেপে শ্রমিকেরা গতকাল শনিবার কাজে যোগ দেওয়ায় খনিতে কয়লা উৎপাদন পুনরায় শুরু হয়েছে।

চাকরি স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনির এক হাজারের বেশি শ্রমিক গত বৃহস্পতিবার থেকে কাজ বন্ধ করে খনির ফটকে অবস্থান ধর্মঘট শুরু করেন। এতে খনির কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অন্য দাবিগুলো হলো মুনাফা ভাতা প্রদান, খনিশ্রমিকদের জন্য বাঙালি চিকিৎসক নিয়োগ, রেশনিং ও জীবনবিমা চালু।

খনি কর্তৃপক্ষ ও আন্দোলনকারী শ্রমিক সূত্রে জানা যায়, স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান গত শুক্রবার গভীর রাতে বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তিনি চলমান শ্রমিক ধর্মঘট ২৫ জুন পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ করেন। তিনি শ্রমিকদের দাবি পূরণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে খনির শ্রমিকেরা ধর্মঘট স্থগিত করে গতকাল দুপুর থেকে কাজে যোগ দিয়েছেন। এর ফলে খনিতে কয়লা উৎপাদন পুনরায় শুরু হয়েছে।

 তবে প্রতিমন্ত্রীর উদ্যোগ ব্যর্থ হলে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকনেতারা।

জানতে চাইলে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান বলেন, ‘শ্রমিকদের দাবির ব্যাপারে আমরা আন্তরিক। এ জন্য শ্রমিকদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি।’