প্রতিমন্ত্র্রীর গাড়িবহর দুর্ঘটনার কবলে
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহাসড়কে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রতিমন্ত্র্রী জাহাঙ্গীর কবীরের গাড়িবহরের তিনটি জিপ দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় যুবলীগের কেন্দ্রীয় নেতাসহ পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, প্রতিমন্ত্রী গতকাল ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্যা এলাকায় পৌঁছালে তাঁর বহরে থাকা একটি গাড়ি পেছন থেকে অপর একটি জিপকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা আরও দুটি গাড়িতে ধাক্কা লাগে। এতে ওই জিপগুলোর আরোহী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল মালেক (৫৫), যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনজুরুল শাহিন (৩৫), স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন (৪০), কার্যকরী কমিটির সদস্য হিরনসহ (৪০) পাঁচজন আহত হন।