প্রতিমা চুরির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মন্দির থেকে মূর্তি চুরির প্রতিবাদে গতকাল সোমবার দুপুর ১২টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং পূজা উদ্যাপন পরিষদের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাইগোবিন্দপুর গ্রামের রাধানাথ অঙ্গন থেকে ৭ ফেব্রুয়ারির মূর্তি চুরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও বিচারের দাবি জানানো হয়। এ সময় উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহসভাপতি সনজিদ কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কুমার কর্মকার, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, বালিয়াকান্দি কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড দাউদ খান প্রমুখ।