প্রতিমা দর্শনের আগেই চিরবিদায় নিলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিমা দেখার জন্য ছুটি নিয়েছিল ওরা। কথা ছিল, আমার সঙ্গে প্রতিমা দেখতে বের হবে। কিন্তু সেই সাধ আর পূরণ হলো না ওদের। প্রতিমা দেখার আগেই ওরা চিরদিনের জন্য ছুটি নিল।’ গতকাল শনিবার দুপুরে পিলার ভেঙে পানির ট্যাংকের নিচে চাপা পড়ে নিহত বোন ঝুমা রানী পাল (১৯) এবং ফুপু ববিতা রানী পালের (১৮) পাশে বসে ঝুমার বড় ভাই রঞ্জিৎ পাল কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলেন। রঞ্জিৎ জানান, অভাবের তাড়নায় তিনি ও তাঁর বোন ঝুমা এবং ফুপু ববিতা কয়েক বছর আগে আশুলিয়ায় এসে পোশাক কারখানায় চাকরি নেন। থাকেন আশুলিয়ার চিত্রশাইল গ্রামের শহীদুল মাস্টারের বাসায়। রঞ্জিৎ ও ঝুমা নেত্রকোনার আটপাড়া উপজেলার শোনাজুট গ্রামের মনোরঞ্জন পালের সন্তান। আর ববিতা একই গ্রামের হরিধন পালের মেয়ে। চাকরি করতেন আশুলিয়ার জামগড়া এলাকার আইডিএস গ্রুপ ও প্রীতি গ্রুপের দুটি পোশাক কারখানায়। দুর্গাপূজা উপলক্ষে কারখানা বন্ধ না দিলেও গতকাল তাঁরা তিনজনই ছুটি নেন। পরিকল্পনা ছিল, দুপুরে খাওয়া-দাওয়া সেরে তিনজন মিলে প্রতিমা দেখতে বের হবেন। পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ঝুমা ও ববিতা একসঙ্গে গোসল করতে যান। এ সময় পিলার ভেঙে ওই বাড়ির পানির ট্যাংকটি পড়ে যায়। ট্যাংকটির নিচে চাপা পড়ে তাঁরা ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসের সদস্য ও আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁদের লাশ উদ্ধার করে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন স্টেশন কর্মকর্তা আকতারুজ্জামান বলেন, একটি দুর্বল পিলারের ওপর ট্যাংকটি বসানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম পানির ট্যাংক ভেঙে পড়ে দুই পোশাকশ্রমিকের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।