প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ১, আহত ৬
সরস্বতীর প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে ট্রাক খাদে পড়ে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় নগরের কাঠগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন, নগরের মেডিকেল ছাত্রাবাসসংলগ্ন গোয়াচিবাগান এলাকার তপন শীলের ছেলে রাজু শীল (২৪)। আহত ব্যক্তিরা হলেন কনিকা, অজন্তা, পলাশ, বিজন, মৃদুল ও রাজু মজুমদার। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে সরস্বতীর প্রতিমা বিসর্জন দিতে গোয়াচিবাগান সর্বজনীন সরস্বতী পূজা উদ্যাপন পরিষদের সদস্যরা ট্রাকে করে পতেঙ্গা সমুদ্রসৈকতের উদ্দেশে রওনা দেন। প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে কাঠগড় এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে কয়েকজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাজু শীলকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। আহত অপর ছয়জনকে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।