প্রতিমা বিসর্জনে আনন্দ ও বিষাদ

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হয়েছে। উলুধ্বনি, শঙ্খ ও ঢোল বাজিয়ে পানিতে ভাসানো হয় প্রতিমা। বিসর্জনের সময় আনন্দের পাশাপাশি ভক্তদের মধ্যে বিষাদেরও ছাপ ছিল।
চট্টগ্রামের পতেঙ্গা ও কক্সবাজার সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জনের সময় মানুষের ঢল নামে। কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে গতকাল লাখো মানুষের উপস্থিতিতে সাগরে বিসর্জন দেওয়া হয় কয়েক শ প্রতিমা।
বিসর্জন উপলক্ষে বিকেলে সৈকতের লাবণী পয়েন্টে ‘বিজয়ামঞ্চে’ প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে এত সুন্দর পরিবেশ থাকার পরও বিদেশি বন্ধুরা নিরাপত্তার অজুহাত তুলেছে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে দুর্বল করার চক্রান্ত চলছে। শান্তিপূর্ণ দুর্গোৎসব প্রমাণ করে বাংলাদেশে দেশি-বিদেশি কেউ শঙ্কায় নেই।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাংসদ সাইমুম সরওয়ার, আশেক উল্লাহ, খুরশেদ আরা হক, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, পৌরসভার মেয়র সরওয়ার কামাল প্রমুখ।
এর আগে বেলা তিনটা থেকে লোকজন দলবেঁধে সৈকতে নামতে থাকে। বিকেল চারটার মধ্যে সৈকতের প্রায় চার কিলোমিটার এলাকা কানায় কানায় ভরে যায়। এরপর বালুচরে প্রতিমা ঘিরে চলে ধর্মীয় অনুষ্ঠান। বিকেল ৫টা ১০ মিনিটে মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় সাগরে প্রতিমা বিসর্জন। এ সময় লাখো ভক্তের মুখে ধ্বনিত হয় উলুধ্বনি।
ঢাকার রাজারবাগ এলাকার ব্যবসায়ী রতন দাশ বলেন, তিন বছর আগে সৈকতের প্রতিমা বিসর্জন উৎসব দেখার সুযোগ হয়েছিল তাঁর। তাই এবার বিসর্জন উৎসব দেখতে স্ত্রীকেও নিয়ে এসেছেন। লাখো মানুষের উপস্থিতিতে এই উৎসব দেখে তাঁর ভালো লেগেছে।
কক্সবাজার জেলা কটেজ মালিক সমিতির সভাপতি কাজী মোস্তাক আহমদ শামীম জানান, এবারের প্রতিমা বিসর্জন উৎসবে দুই লাখ মানুষের সমাগম ঘটে। এর মধ্যে এক লাখই পর্যটক।
দেবী দুর্গাকে বিদায় চট্টগ্রামবাসীর: শান্তিপূর্ণ ও সাড়ম্বরে চট্টগ্রামেও প্রতিমা বিসর্জন উৎসব পালিত হয়েছে। প্রতিমা বিসর্জনের মাধ্যমে পিতৃগৃহ ছেড়ে দেবী ফিরে গেলেন কৈলাসধামে তাঁর স্বামীগৃহে।
গতকাল সকাল থেকেই নগরের প্রতিটি মণ্ডপে শুরু হয় প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। প্রতিমাগুলো ট্রাকে উঠিয়ে ঢাক, কাঁসর, ঘণ্টা বাজিয়ে শোভাযাত্রার মাধ্যমে পতেঙ্গা সৈকতে ভিড় জমান হাজারো ভক্ত। প্রতিমা বিসর্জনের আগে অনেকে মেতে ওঠেন সিঁদুর খেলায়।
পতেঙ্গা সমুদ্রসৈকতের পাশাপাশি ফিরিঙ্গিবাজার অভয়মিত্র ঘাট, দক্ষিণ কাট্টলী রাসমণি ঘাট, মোহরা, কালুরঘাট, পাথরঘাটা, আনোয়ারা পারকি বিচ, ফৌজদারহাট সমুদ্রসৈকতেও প্রতিমা বিসর্জন হয়েছে।
চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রত্নাকর দাশ প্রথম আলোকে বলেন, ব্যাপক নিরাপত্তা ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়।
বিকেলে পতেঙ্গা সমুদ্রসৈকতে এক অনুষ্ঠানের মাধ্যমে নগরের তিনটি শ্রেষ্ঠ পূজামণ্ডপকে পুরস্কার দেওয়া হয়। চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদ ও সিটি করপোরেশন যৌথভাবে এ পুরস্কারের ব্যবস্থা করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
ফেনী: ফেনী পৌরসভার কালীপাল দশমী ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। গতকাল বিকেলে ফেনী পৌর এলাকার ২৪টি পূজামণ্ডপ থেকে হাজারো ভক্ত নিজ নিজ এলাকার প্রতিমা নিয়ে ট্রাক ও পিকআপে করে বিজয়া দশমীর মিছিলে অংশ নেন। শহর প্রদক্ষিণ শেষে দশমী ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
প্রতিমা বিসর্জন উপলক্ষে দশমী ঘাটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ জাহানারা বেগম। জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাজীব খগেশ দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রেজাউল হক, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন।
আনোয়ারা: প্রতিমা বিসর্জন উপলক্ষে গতকাল দুপুর থেকে চট্টগ্রামের আনোয়ারার পারকি সৈকতে পূজারিদের ঢল নামে। বিসর্জন উপলক্ষে বিকেলে সৈকতে কর্ণফুলী থানা পূজা উদ্যাপন পরিষদ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি রামচন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম। বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি অরবিন্দ পাল, বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী, মুক্তিযোদ্ধা জগদীশ সিংহ, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী এবং এম এ কাইয়ুম শাহ।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করছেন নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও কক্সবাজার; ফেনী অফিস; আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি)