প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সাঙ্গ হলো দুর্গোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীর জলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গা ফিরে গেলেন স্বামীর ঘরে। দেবীকে বিদায় জানাতে চুয়াডাঙ্গা শহরঘেঁষে যাওয়া মাথাভাঙ্গা নদীর পাড়ে ভক্তদের ভিড় l ছবি: প্রথম আলো
নদীর জলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গা ফিরে গেলেন স্বামীর ঘরে। দেবীকে বিদায় জানাতে চুয়াডাঙ্গা শহরঘেঁষে যাওয়া মাথাভাঙ্গা নদীর পাড়ে ভক্তদের ভিড় l ছবি: প্রথম আলো

শাস্ত্রীয় আচার শেষ হয়েছিল এক দিন আগে। বাকি ছিল শুধু প্রতিমা বিসর্জনের পালা। গতকাল শুক্রবার প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
ঢাকের বাদ্য, উলুধ্বনি আর সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গার দর্পণ বিসর্জন হয়েছিল গত বৃহস্পতিবার দুপুরের আগেই। কিন্তু মহানবমী ও বিজয়া দশমী তিথি একই দিন বৃহস্পতিবার পড়ায় পূজা উদ্যাপন পরিষদ সিদ্ধান্ত নিয়েছিল, প্রতিমা বিসর্জন হবে শুক্রবার। এতে দেবীদর্শনে এক দিন বঞ্চিত হবেন না ভক্তরা। বৃহস্পতিবার রাতভর তাই পূজামণ্ডপগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
রাজধানীতে বেলা তিনটার দিকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে জাতীয় বিজয়া শোভাযাত্রা বের হয়। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে এক এক করে প্রতিমা পলাশীর মোড়ে এসে এই শোভাযাত্রায় যোগ দিতে থাকে। শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাক-ঢোলের সনাতনী বাজনার সঙ্গে আধুনিক সাউন্ড সিস্টেমে হিন্দি চলচ্চিত্র ও দেবী-বন্দনার গানের মধ্য দিয়ে কয়েক হাজার মানুষ কেন্দ্রীয় শোভাযাত্রায় অংশ নেন। রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে শোভাযাত্রা যাওয়ার সময় অন্যান্য সড়কে যানজট লেগে যায়। পলাশী থেকে পুরান ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে বুড়িগঙ্গা তীরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।
বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার ওয়াইজঘাটের বিনা স্মৃতি স্নানঘাটে প্রথম বিসর্জন দেওয়া হয় আদি মরণচাঁদ, নবকল্লোল পূজামণ্ডপের প্রতিমা। এরপর এক এক করে বিভিন্ন মণ্ডপের প্রতিমার বিসর্জন হতে থাকে।
বিজয়ার কেন্দ্রীয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, সহসভাপতি জয়ন্ত সেন, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জে এল ভৌমিক, সাধারণ সম্পাদক নারায়ণ সাহা প্রমুখ। নারায়ণ সাহা সাংবাদিকদের বলেন, ‘নির্ধারিত কয়েকটি ঘাটে রাজধানীর ২২৫টি মণ্ডপের প্রতিমা একে একে বিসর্জন দেওয়া হচ্ছে।’
পূজা কমিটি জানায়, কলাবাগান, বনানী, গুলশানসহ ঢাকা উত্তরের বেশ কয়েকটি মণ্ডপের প্রতিমা তুরাগ নদে বিসর্জন দেওয়া হয়েছে। আর ২০-২৫টি স্থায়ী মন্দিরের প্রতিমা রেখে দেওয়া হয়েছে। পরবর্তী দুর্গাপূজার সময় পুরাতন প্রতিমা বিসর্জন দিয়ে নতুন প্রতিমা স্থাপন করা হবে।
গতকাল প্রতিমা বিসর্জনের আগে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ উৎসব। হিন্দু সধবা নারীরা দেবীপ্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরান। চলে মিষ্টিমুখ করানো, ছবি তোলা ও ঢাকের তালে তালে নাচ-গান। এরপর বিভিন্ন মণ্ডপ থেকে ট্রাক বা পিকআপে করে প্রতিমা পলাশীর মোড়ে বিজয়া শোভাযাত্রায় আসে। একপর্যায়ে শোভাযাত্রায় প্রায় শতাধিক ট্রাক ও পিকআপ যুক্ত হয়।
বিজয়া শোভাযাত্রা প্রতিমাগুলোকে ঘাটে নিয়ে আসে। এরপর একে এক নৌকায় তুলে নদীতে বিসর্জন দেওয়া হয়। এ সময় ওয়াইজঘাটে ব্যাপকসংখ্যক পুলিশ, র্যা ব ও নৌ-পুলিশ নিরাপত্তা দেওয়ার জন্য অবস্থান নেয়।
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় সাংবাদিকদের বলেন, প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি নৌ-পুলিশ ও র্যা ব সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ বছর সারা দেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছে, আর রাজধানীতে পূজা হয়েছে ২২৫টি মণ্ডপে। রাজধানীতে দুর্গাপূজার সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।