প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার এ বছরের মতো শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে প্রতিমা বিসর্জন চলে। এ উপলক্ষে সৈকত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল পুলিশ ও র‌্যাবের বিশেষ নিরাপত্তা দল।পতেঙ্গা সমুদ্রসৈকত ছাড়াও কাট্টলী সৈকতের রানী রাশমনি বারুনি স্নানঘাট ও কর্ণফুলী নদীতীরের পাথরঘাটা গঙ্গাবাড়ি ঘাটেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়।গতকাল বিজয়া দশমীর দিন দুপুর দুইটা থেকে পতেঙ্গা সৈকতে প্রতিমা বিসর্জন শুরু হয়। নগরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে ভক্তরা ট্রাকে চড়ে ঢাকঢোল, কাঁসা, ঘণ্টাসহ নানা বাদ্য বাজিয়ে প্রতিমাসহ সৈকতে জড়ো হতে থাকেন।জানা যায়, এবার চট্টগ্রাম মহানগর পুলিশ সিমেন্ট ক্রসিং ও বিমানবন্দর হয়ে সৈকতে যাওয়ার পথ নির্ধারণ করে দেয়। একইভাবে কাঠগড় হয়ে নগরের মূল সড়কে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়। সিটি করপোরেশন সূত্র জানায়, প্রতিমা বিসর্জনের সুবিধার্থে সংস্থাটির পক্ষ থেকেও পতেঙ্গা সৈকত এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (বন্দর) কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘অত্যন্ত সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন শেষ হয়েছে। এ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’