ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটায়। প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে গতকাল শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের বহিষ্কার দাবিতে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
তবে এ ব্যাপারে বক্তব্য জানতে গতকাল খন্দকার এহসান হাবীবের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে আয়োজিত সরস্বতী পূজামণ্ডপের প্রতিমার কাপড় ও অলংকার দুষ্কৃতকারীরা খুলে নিয়ে যায় এবং প্রতিমার হাত-পা ভেঙে ফেলে।
প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে গতকাল শনিবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে এসে শেষ হয়।