প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
সুনামগঞ্জ শহরের একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। জেলা পূজা উদ্যাপন পরিষদ ও সুনামগঞ্জ পৌরসভার আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় গতকাল শনিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। সমাবেশে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র মো. আয়ূব বখত জগলুল, কাউন্সিলর মনীষ কান্তি দে, আবদুল্লাহ আল নোমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্যসচিব প্রসেনজিৎ দে, মল্লিকপুর পূজা উদ্যাপন কমিটির নেতা মাখন লাল শর্মা, আইনজীবী স্বপন কুমার দেব, মতিউর রহমান, জালাল আহমদ, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল কালাম, নজরুল ইসলাম প্রমুখ। তাঁরা প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান। পৌর শহরের মল্লিকপুর এলাকার একটি মন্দিরে কয়েকটি প্রতিমা গত বৃহস্পতিবার রাতে ভাঙচুর করা হয়।সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।