প্রতিমায় নতুনত্ব, বেড়েছে মণ্ডপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর কয়েক দিন পর শুরু হচ্ছে দুর্গাপূজা। পিরোজপুর পৌরসভার পালপাড়ায় এক প্রতিমাশিল্পী শেষ সময়ে রংতুলির কাজ করছেন। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
আর কয়েক দিন পর শুরু হচ্ছে দুর্গাপূজা। পিরোজপুর পৌরসভার পালপাড়ায় এক প্রতিমাশিল্পী শেষ সময়ে রংতুলির কাজ করছেন। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

এবারের শারদীয় দুর্গোৎসবে বরিশালে সনাতন প্রথা ভেঙে প্রতিমা নির্মাণে এসেছে নতুনত্ব আর ভিন্নতা। কোথাও তিনটি অসুর, আবার সিংহের সংখ্যা চারটি; আবার কোথাও শিশুদের আকৃষ্ট করতে ইঁদুরকে পরানো হয়েছে কোট, টাই। ভক্তদের তুষ্টি, দর্শকদের মনোরঞ্জন আর জনসচেতনতায় মণ্ডপগুলোতে আনা হয়েছে নতুনত্ব। আর এখন শেষ পর্যায়ে চলছে প্রতিমায় সজ্জার কাজ।

শুধু প্রতিমা আর সাজসজ্জায় নয়, এবার বরিশাল জেলায় পূজামণ্ডপের সংখ্যাও বেড়েছে আগের বছরের তুলনায়। জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র বলছে, গেল বছরের চেয়ে এবার ১৫টি মণ্ডপ বেড়ে জেলায় পূজামণ্ডপ হচ্ছে ৫০৪টি।

 প্রতিমার সাজসজ্জায় নান্দনিকতা এলেও নির্মাণশিল্পীরা বললেন, এতে তাঁদের পরিশ্রম আগের তুলনায় অনেক বেড়েছে, বেড়েছে নির্মাণসামগ্রীর মূল্য। কিন্তু সে তুলনায় তাঁদের পারিশ্রমিক বাড়েনি। আর আয়োজকেরা বললেন, বাজেটের দিকে তাকানোর সময় কোথায়, দর্শকদের কথা বিবেচনায় এনেই তোরণ, লাইটিং, সাউন্ড সিস্টেমে ভিন্নতা আনতে বাড়তি খরচ করতেই হচ্ছে।

নগরীর চার্চ ওয়ার্ডে প্রতিমা নির্মাণ করছেন পিরোজপুরের অনিল কৃষ্ণ পাল (৮১)। বংশপরম্পরায় এই কাজ তাঁদের। ৬৬ বছর ধরে তিনি প্রতিমা নির্মাণ করছেন। এবার বরিশালে চারটি প্রতিমা তৈরি করছে অনিলের দল। তিনি বলেন, প্রতিমা তৈরিতে চার ধরনের মাটির প্রয়োজন। তুষ মিশানো মাটি, দোআঁশ মাটি, বালুমাটি ও রাগ মাটি। সাধারণ মাটি নাড়ায় (খড়) মাখানো যায় না। আর রাগ মাটির প্রলেপ দেওয়ার পর রঙের প্রলেপ দিতে হয়। এই মাটি পিরোজপুর জেলার হুলারহাটের কচা নদীর পাড় থেকে আনতে হয়। মাটি কেনা ও ট্রাক ভাড়া মিলিয়ে বরিশালে আনতে খরচ হয়ে যায় ৭ হাজার টাকা। এর ওপরে বেড়েছে রঙের মূল্য। প্রতিমার চুলের কেজি ১৫০ থেকে বেড়ে হয়েছে ৫০০ টাকা। কিন্তু সে তুলনায় প্রতিমা নির্মাণ করে কারিগর বিদায় দিয়ে হাতে কিছুই থাকে না। আক্ষেপ নিয়ে বললেন, এ পেশা ছেড়ে দেবেন, আর করবেন না।

স্বপন কুমার পাল নামের আরেক কারিগর বললেন, দিনরাত সমান তালে কাজ করে হাজার টাকা মজুরি মেলে না।

গতকাল বৃহস্পতিবার নগরের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখা গেল, কোনো কোনো মণ্ডপে প্রতিমায় দোআঁশ মাটির প্রলেপ দেওয়া শেষ। এখন চলছে রঙের কাজ। পাশাপাশি চলছে মণ্ডপ সজ্জা ও তোরণ নির্মাণের কাজ। এই কাজ ২৫ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার দিন পর্যন্ত একটানা চলবে। নগরের জগন্নাথদেব মন্দিরের সজ্জার কাজ করেন অমল বাগচী। তিনি জানান, তাঁরা এবার মণ্ডপে কৃত্রিম ঝরনা তৈরি করছেন।

আগের বছরের মতো এবারও নগরে সবচেয়ে বড় তোড়ন হচ্ছে ফলপট্টি মহানগর পূজামণ্ডপে। দেবী নৌকায় চড়ে আসবেন বলে সাম্পানের আদলে এই তোড়ন নির্মাণ করা হচ্ছে।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, গত বছরের চেয়ে এবার ১৫টি পূজামণ্ডপ বেড়েছে। জেলায় এবার ৫০৪টি মণ্ডপে পূজা হচ্ছে। কেবল আগৈলঝাড়া উপজেলায় একটি মণ্ডপ কমে এবার সেখানে মণ্ডপের সংখ্যা হয়েছে ১৪১। এ ছাড়া বরিশাল নগরীতে দুটি বেড়ে ৩৭টি মণ্ডপ হয়েছে, সদর উপজেলায় একটি বেড়ে মণ্ডপের সংখ্যা এবার ২০। উজিরপুরে তিনটি বেড়ে এই সংখ্যা ১১৩, গৌরনদী উপজেলায় দুটি বেড়ে হয়েছে ৮০টি, বাকেরগঞ্জেও দুটি বেড়ে এ বছর পূজা হচ্ছে ৬৯টি মণ্ডপে। একইভাবে বানারীপাড়া, মেহেন্দীগঞ্জ ও বাবুগঞ্জ উপজেলায় দুটি করে বেড়ে মণ্ডপের সংখ্যা হচ্ছে যথাক্রমে ৫৬, ২৩ ও ২২টি। তবে হিজলা ও মুলাদী উপজেলায় তা অপরিবর্তিত থেকে যথাক্রমে ১২টি ও ১০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

জেলা পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. হ‌ুমায়ূন কবির জানান, মন্দিরগুলোর গুরুত্ব বিবেচনায় নিয়ে তিনটি শ্রেণিতে ভাগ করে ৩ হাজার ৯৩৬ আনসার ও ৮১৮ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সাদাপোশাকে গোয়েন্দা ও ভ্রাম্যমাণ দল দায়িত্বে থাকবে।