প্রতিযোগিতা নয়, উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুরে এবারই প্রথম ভাষা প্রতিযোগের আসর বসল! ৮ এপ্রিল ২০১৬
সৈয়দপুরে এবারই প্রথম ভাষা প্রতিযোগের আসর বসল! ৮ এপ্রিল ২০১৬

সকালেই গনগনে এক সূর্য এসে পুড়িয়ে দিচ্ছে শরীর। সাড়ে নয়টায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে শিক্ষার্থীরা। রোদের তাপে তাদের চোখ কুঁচকে আছে, একটু একটু ঘামছে তারা। জাতীয় সংগীত গাওয়ার পর খুব দ্রুত প্রতিযোগের উদ্বোধন ঘোষণা করে শিক্ষার্থীদের পাঠিয়ে দেওয়া হলো পরীক্ষার ঘরে। যাক! সেখানে অন্তত পাখার বাতাস আছে।
৯ এপ্রিল ছিল শনিবার। আমরা যারা প্রথম এসেছি এই ছোট্ট শহরটায়, তারা নাটোর বলতে বুঝি কাঁচাগোল্লা, বনলতা সেন আর রাজবাড়ি। কিন্তু দিঘাপতিয়া এম কে কলেজের মাঠে এসে বোঝা গেল, এ শহর আসলে অসাধারণ সব ছেলেমেয়ের দখলে। এখানে নাটোর ছাড়াও রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীরাও এসেছে। ওরাই যে এ শহরের প্রাণ, তা বুঝিয়ে দিল বুদ্ধিদীপ্ত সব প্রশ্ন করে।
ভাষা প্রতিযোগে পরীক্ষা আছে, ঠিক। কিন্তু সে পরীক্ষার প্রশ্নগুলো এতই মজার যে, মনে হয় এ বুঝি কোনো খেলা খেলছি। এ কারণেই সম্ভবত শিশু-কিশোরদের কাছে তা খুব প্রিয়। আর পরীক্ষার পর মঞ্চে বসা শিক্ষকদের এমন সব প্রশ্নের সম্মুখীন করে তোলে শিক্ষার্থীরা যে কখনো কখনো দু-তিনজন শিক্ষক মিলে তার উত্তর দিতে গিয়ে গলদঘর্ম হয়ে ওঠেন। অর্থাৎ, এখানে শুধু শিক্ষার্থীরাই পরীক্ষা দেয় না, নেয়ও। তখন শিক্ষার্থীরাই শিক্ষকদের শিক্ষক। ভালো প্রশ্ন করলেই তাদের হাতে ওঠে মনকাড়া সব পুরস্কার!

যেমন প্রশ্ন তেমন উত্তর! ৯ এপ্রিল ২০১৬
যেমন প্রশ্ন তেমন উত্তর! ৯ এপ্রিল ২০১৬

শেখা যদি হয় হইহল্লা আর আনন্দের মধ্য দিয়ে, তবেই তা হয়ে ওঠে সার্থক। তখন কোনো ভীতি কাজ করে না। মনে হয়, এই আনন্দের সাগরে ডুব দিয়েই তুলে আনা যাবে ভাষাসমুদ্রের সব রত্নভান্ডার।
শুধু কি পড়াশোনার বিষয়? শিক্ষার্থীদের কিছু বলতে এ সময় মঞ্চে আসেন পাখিবিশেষজ্ঞ শরীফ খান। দারুণ এক ভঙ্গিতে তিনি পাখিদের নিয়ে বলতে থাকেন নানা কথা। মানুষের মতো পাখিদের যে আঞ্চলিক ভাষা নেই, জানিয়ে দেন তা-ও। অর্থাৎ, পৃথিবীর যে প্রান্তেই বাস হোক না কেন কোনো নির্দিষ্ট প্রজাতির পাখির, সে কিন্তু অন্য প্রান্তের একই প্রজাতির সঙ্গে একই ভাষায় কথা বলে। ভাষা-বিভাজনটা নেই তাদের। শরীফ খান কথা বলছেন আর শিক্ষার্থীরা হারিয়ে যাচ্ছে অন্য এক জগতে, যেখানে শুধু পাখির রাজ্য, যে পাখিরা পরস্পর কথা বলে একই ভাষায়!
এবার সব কটি অঞ্চলেই হয়েছিল ‘বানান বীর’ নামের একটি প্রতিযোগিতা। শুদ্ধ বানান নিয়ে এ এক দারুণ মজার আয়োজন! আগের দিন ৮ এপ্রিল সৈয়দপুরে হয়েছিল আরেকটি আঞ্চলিক উৎসব। এবারই প্রথম কোনো উপজেলা শহরে ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হেলা। ওখানকার আয়োজন আর শিক্ষার্থীদের অংশগ্রহণ সবাইকে মুগ্ধ করেছে। ওরাই এবার সেরা অঞ্চল হয় কি না, কে জানে!

ঢাকা অঞ্চলের শিক্ষার্থীদের গান শোনান মাহমুদুজ্জামান বাবু ও সাব্বির
ঢাকা অঞ্চলের শিক্ষার্থীদের গান শোনান মাহমুদুজ্জামান বাবু ও সাব্বির

তারও কিছুদিন পর ২২ এপ্রিল, ভাষা প্রতিযোগের আসর বসেছিল ঢাকা অঞ্চলে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হিসাবে এটা ছিল সবচেয়ে বড় আয়োজন। এখানে মঞ্চে উঠে শিক্ষার্থীরা কিছু প্রশ্ন তোলে, যা নিয়ে গভীরভাবে ভাবার দরকার আছে। অভিভাবকদের প্রতি অনুযোগ করে তারা বলে, অভিভাবকেরা শুধু পরীক্ষার ভালো নম্বরের পেছনেই সব সময় ছুটতে বলেন। মেলে না একটু অবসর। অবসরে একটু বই পড়া, একটু খেলা—এ যেন এখন স্বপ্নের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ থেকে মুক্তি চায় তারা।
খুব ভালো কথা। সত্যিই তো, পড়াশোনার জন্য এত বেশি চাপ দেওয়া হচ্ছে এখন, পৃথিবীটা যে পাঠ্যবইয়ের চেয়ে অনেক বড়, সে কথা যেন ভুলতে বসেছে শিশুরা। এক বস্তা বই নিয়ে এই স্কুল তো ওই কোচিং—এভাবেই চলছে তাদের জীবন। ভাষা প্রতিযোগ সেই যান্ত্রিক জীবনের মধ্যে একটু যেন নিশ্বাস নেওয়ার জায়গা করে দিচ্ছে। এ ধরনের চর্চা বাড়লেই যান্ত্রিকতা ছাড়িয়ে শিশুরা খুঁজে পাবে শৈশবের আনন্দ, কিশোরদের জন্য থাকবে কৈশোরিক জগৎ!

ভাষা প্রতিেযাগের বিজয়ীদের নাম জানতে: www.prothom-alo.com/bhashaprotijog