প্রতিযোগিতা যখন ক্যারিয়ার গড়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ার প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা l প্রথম আলো
ক্যারিয়ার প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা l প্রথম আলো

নিজের স্বপ্নের সঙ্গে তাল মিলিয়ে সবাই ক্যারিয়ার গড়তে চায়। তবে সাফল্য সবার কাছে ধরা দেয় না। কিন্তু ‘চুয়েট ক্যারিয়ার ক্লাব’–এর মতো সংগঠন থাকলে অনেক তরুণ লক্ষ্যে পৌঁছানোর পথটা চিনে নিতে পারে। সম্প্রতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এই সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ট্যালেন্ট হান্ট-২০১৭’ শিরোনামে ক্যারিয়ার বিষয়ক প্রতিযোগিতা। তিন দিনব্যাপী এই আয়োজনে প্রকৌশল সম্পর্কিত বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি ছিল সেমিনার ও বিষয়ভিত্তিক উপস্থাপনা। মূলত শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন।
প্রতিযোগিতায় চুয়েটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ভবন নির্মাণ ও নকশা তৈরির অপরিহার্য ড্রয়িং সফটওয়্যার অটোক্যাড ড্রয়িং, কম্পিউটার প্রোগ্রামিং ও জটিল সার্কিট সমাধানের ওপর বাস্তব নির্ভর পরীক্ষায় অংশ নেন। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া উপস্থাপন ও বিষয়ভিত্তিক কুইজের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানের শেষদিন ‘ক্যারিয়ার ও এমপ্লয়মেন্ট’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। এ সেমিনারে বাংলাদেশ ও বিশ্ববাজারে প্রকৌশলীদের চাকরির ক্ষেত্রগুলো তুলে ধরা হয়।
প্রথমবারের মতো এই ভিন্নধর্মী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে সাধারণ শিক্ষার্থীরাও দারুণ খুশি। প্রতিযোগিতায় অংশ নিতে এসেছিল পুরকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ, তিনি বলেন ‘জীবনের প্রথমবারের মতো অটোক্যাডে ড্রয়িং ও রুবিকস কিউব মেলানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, এখানে এসে অনেক নতুন বিষয় শিখতে পেরেছি।’
চুয়েট ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার জাহান সোহাগ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রথাগত পড়াশোনা হয়তো ভালো ফলাফল এনে দিতে পারে কিন্তু চাকরির ক্ষেত্রে অবশ্যই ভালো পেশাগত দক্ষতা থাকতে হবে। তাই পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চুয়েট ক্যারিয়ার ক্লাব কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’