প্রতিযোগিতা সক্ষমতায় দুই ধাপ আগাল দেশ
>* ১৪০ দেশের মধ্যে বাংলাদেশ ১০৭তম
* ঘুষ লেনদেনে ১৩৯তম, এইচআইভি প্রতিরোধে প্রথম
ব্যবসায় প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশের অবস্থা খানিকটা ভালো হয়েছে। এ সক্ষমতার দিক থেকে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১০৭। গত বছর বাংলাদেশ ছিল ১০৯-এ। এক বছরের ব্যবধানে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক প্রতিবেদন, ২০১৫-১৬তে বিষয়টি উঠে এসেছে। রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে গতকাল বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। ডব্লিউইএফের পক্ষে দেশে প্রতিবেদনটি প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ব্যবসা করার মৌল ভিত্তির কিছু সূচকে অগ্রগতি হওয়ায় বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, অবকাঠামো ও বাজারের আকার—এ তিনটি সূচকে বাংলাদেশের গতবারের চেয়ে ভালো হয়েছে। এ সূচকগুলোর প্রতিটিতে বাংলাদেশের অবস্থানে যেমন উল্লম্ফন হয়েছে, তেমনি আগের চেয়ে নম্বর বেশি পেয়েছে।
আর ব্যবসায় সক্ষমতা বৃদ্ধির জন্য প্রাতিষ্ঠানিকীকরণ, আর্থিক খাতের উৎকর্ষ ও বাজারের কার্যকারিতা—এ সূচকগুলোতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এটিকে দুশ্চিন্তার কারণ বলে মনে করে সিপিডি।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেনেভা থেকে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি ধীরগতির এই অগ্রগতি প্রসঙ্গে বলেন, ‘সুচকে আমাদের স্কোর বাড়লেও তুলনামূলক অবস্থানে আমরা একই আছি। আমরা এখনো হাঁটছি। কিন্তু নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ-মধ্যম আয়ের দেশ হতে হলে আমাদের এখন দৌড়াতে হবে। সে জন্য উদ্ভাবনী শক্তির ওপর ভিত্তি করে দক্ষতা বাড়িয়ে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, উৎকর্ষ ও দক্ষতা উন্নয়নের নানা ক্ষেত্রে বাংলাদেশ বেশ পিছিয়ে আছে। এসব ক্ষেত্রে উন্নয়ন হলে প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশ আরও ভালো অবস্থানে থাকত।
গোলাম মোয়াজ্জেম আরও বলেন, বাংলাদেশের প্রধান কয়েকটি প্রতিদ্বন্দ্বী দেশ যেমন ভিয়েতনাম, থাইল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া ৬ ধাপ, ১০ ধাপ কিংবা এর চেয়েও বেশি ধাপে এগিয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ এগোচ্ছে কচ্ছপ গতিতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডির সংলাপ ও যোগাযোগ বিভাগের পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ, জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান প্রমুখ। বিশ্বের ১৪০টি দেশে গতকাল একযোগে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
১৫ বছর ধরে এ প্রতিবেদন প্রকাশ করে আসছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এবারের প্রতিবেদনে বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে ১৬টি সমস্যা চিহ্নিত করা হয়েছে। অবকাঠামোগত দুর্বলতা, দুর্নীতি, অদক্ষ আমলাতন্ত্র, প্রশাসনিক অস্থিরতা, অর্থায়নে সীমিত সুবিধা ও দ্রুত নীতি পরিবর্তন—তালিকায় শীর্ষে থাকা এ ছয়টি সমস্যার কোনো পরিবর্তন হয়নি।
সামগ্রিকভাবে অন্য দেশগুলোর তুলনায় ব্যবসায় প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশ কতটা এগিয়েছে বা পিছিয়েছে, এমন একটি তুলনামূলক চিত্র প্রতিবেদনে দেওয়া হয়েছে। সেখানে দেখা গেছে, গত বছরের তুলনায় বাংলাদেশ কিছুটা খারাপ অবস্থানে রয়েছে। সবচেয়ে খারাপ অবস্থানে থাকা ২৫ শতাংশ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান। এ বছর বাংলাদেশের অবস্থান ৭৬ দশমিক ১৪ পয়েন্টে। আর গত বছর এ অবস্থান ছিল ৭৬ দশমিক ০২ পয়েন্টে। অর্থাৎ প্রতিযোগিতা সক্ষমতায় অন্য দেশের তুলনায় পিছিয়েছে বাংলাদেশ।
১২টি স্তম্ভ বা সূচককে ভিত্তি ধরে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এর মধ্যে নয়টি সূচকে বাংলাদেশের অবস্থান তালিকায় থাকা প্রথম ১০০টি দেশের মধ্যে নেই। তুলনামূলকভাবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা সূচকে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩২তম। এ সূচকের নিয়মবহির্ভূত উপায়ে অর্থ বা ঘুষ লেনদেন উপসূচকে বাংলাদেশের অবস্থান ১৩৯তম।
অন্য সূচকগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তথ্যপ্রযুক্তিতে ১২৭, ব্যবসায় উদ্ভাবনে ১২৭, অবকাঠামোয় ১২৩, উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে ১২২, শ্রমবাজারের দক্ষতায় ১২১, পরিশীলিত ব্যবসায় ১১৭, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষায় ১০১ এবং কার্যকর বাজারে ১০১তম। আরও সুখবর হলো, এইচআইভি প্রতিরোধ উপসূচকে বাংলাদেশ ১ নম্বর স্থানে রয়েছে।
আর সামষ্টিক অর্থনীতি ও বাজারের আকার—এ দুটি সূচকে বাংলাদেশের অবস্থান বেশ ভালো। বাজারের আকারের দিক থেকে বাংলাদেশ ৪০তম স্থানে রয়েছে। আর সামষ্টিক অর্থনীতিতে অবস্থান ৪৯তম। আর্থিক খাতের উৎকর্ষতায় ৯০তম স্থানে রয়েছে।
বাংলাদেশের ৫৬ জন উদ্যোক্তার মতামতের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এসব উদ্যোক্তার ব্যবসাপ্রতিষ্ঠানের নিট সম্পদের পরিমাণ ১০ কোটি টাকার ওপরে। ২০১৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ কেমন ছিল, এ চিত্রই এ প্রতিবেদনে উঠে এসেছে। এ বছরের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে জরিপটি করা হয়েছে।
অন্য দেশ: এবারও সুইজারল্যান্ড সবচেয়ে বেশি ব্যবসায় প্রতিযোগীসক্ষম দেশ। সাত বছর ধরে দেশটি শীর্ষস্থান ধরে রেখেছে। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র। আর তালিকায় সবচেয়ে তলানিতে (১৪০তম) রয়েছে গায়েনা।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত (৫৫), শ্রীলঙ্কা (৬৮), নেপাল (১০০) ও ভুটান (১০৫)। ভুটান ছাড়া বাকি দেশগুলো এবার কয়েক ধাপ এগিয়েছে। অন্যদিকে এ তালিকায় পাকিস্তান ১২৬তম স্থানে রয়েছে।
এ ছাড়া বাংলাদেশের প্রতিযোগী অন্য দেশগুলোর মধ্যে ভিয়েতনাম ১২ ধাপ এগিয়ে ৫৬তম এবং কম্বোডিয়া ৫ ধাপ এগিয়ে ৯০তম স্থানে রয়েছে।