প্রতিযোগিতা শেষে অনাহারে বাড়ি ফিরেছে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উপজেলার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বরাদ্দের টাকার হদিস পাওয়া যাচ্ছে না। খেলায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোকে কোনো টাকা না দেওয়ায় প্রতিযোগিতা শেষে ছাত্রছাত্রীদের অনাহারে বাড়ি ফিরতে হয়েছে বলে শিক্ষকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম টুর্নামেন্ট পরিচালনার জন্য কত টাকা বরাদ্দ এবং কোথায় কী খরচ হয়েছে, বলতে রাজি হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, মোট ৩২ হাজার টাকা পাওয়া গেছে। শিক্ষা কর্মকর্তার কাছ থেকে বরাদ্দের প্রতিটি পয়সার হিসাব নেওয়া হবে। টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত শিক্ষকেরা জানিয়েছেন, থানচি উপজেলায় গত জুলাই থেকে টুর্নামেন্টে প্রতিযোগিতা শুরু হয়েছিল। ছাত্রদের জন্য বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট ও ছাত্রীদের জন্য বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ডকাপ টুর্নামেন্ট ইউনিয়ন ও উপজেলা শেষে এখন জেলা পর্যায়ে চলছে। গতকাল সোমবার জেলা পর্যায়ে প্রতিযোগিতায় আসা বিদ্যালয়ের শিক্ষকেরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইউনিয়ন পর্যায়ে প্রতি ইউনিয়নে চার হাজার ও উপজেলা পর্যায়ে ১৬ হাজার টাকা সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় শুধু পাঁচ-ছয় হাজার টাকা (কাপ ক্রয় ও আপ্যায়ন) ব্যয় করা হয়েছে। অবশিষ্ট ২৭-২৮ হাজার টাকা কী করা হয়েছে, তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক ও একজন শিক্ষিকা বলেছেন, স্থানীয়ভাবে কিছু চাঁদা তুলে ও পকেটের টাকায় তাঁরা ছাত্রছাত্রীদের থাকা-খাওয়া, যাতায়াত খরচ চালিয়ে আসছেন। টাকা সংকুলান করতে না পারায় উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় ছেলেমেয়েদের দুপুরে ভাত খাওয়াতে পারেননি। সারা দিন অনাহারে রেখে সন্ধ্যায় বাড়িতে পৌঁছে দিয়েছেন। থানচি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলামের কাছে টাকা বরাদ্দের কথা জানতে চাইলে তিনি তা জানাতে অপারগতা প্রকাশ করে বলেছেন, উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শেষ। জেলা পর্যায়ের খেলায় জেলা কমিটি জানবে। উপজেলা পর্যায়ে বরাদ্দ ৩২ হাজার টাকা সম্পর্কে জানতে চাইলে তিনি ফোন কেটে দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ বলেছেন, অভিযোগটি যাচাই করে দেখা হবে। শিক্ষা কর্মকর্তার কাছে টাকা থাকলে অবশ্যই খেলাধুলার ব্যয় হিসেবে দিতে হবে বলেও তিনি জানান।