প্রতিযোগিতা সক্ষমতায় দুই ধাপ এগোল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ের প্রতিযোগিতা সক্ষমতায় এখন খানিকটা ভালো অবস্থায় ফিরেছে বাংলাদেশ। প্রতিযোগিতা সক্ষমতার দিক থেকে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১০৭। গত বছর বাংলাদেশ ছিল ১০৯-এ।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক প্রতিবেদন ২০১৫-১৬ তে বিষয়টি উঠে এসেছে। রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আজ বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। দেশে প্রতিবেদনটি প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বিশ্বের ১৪০টি দেশে আজ একযোগে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানে সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রতিবেদনটির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ প্রতিযোগিতা সক্ষমতায় ভালো করার বড় কারণ হলো মৌলিক কিছু বিষয়, যেমন—অবকাঠামো, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সামষ্টিক অর্থনীতিতে ২০১৪ সালে বাংলাদেশে ভালো অগ্রগতি হয়েছে। অন্যদিকে দক্ষতা উন্নয়নের নানা ক্ষেত্রে বাংলাদেশ বেশ পিছিয়ে আছে। এসব ক্ষেত্রে উন্নয়ন হলে প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশ আরও ভালো অবস্থানে থাকত।

গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশের প্রধান কয়েকটি প্রতিদ্বন্দ্বী দেশ যেমন-ভিয়েতনাম, থাইল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া ছয় ধাপ, ১০ ধাপ বা এর চেয়েও বেশি ধাপে এগিয়েছে। সে অনুযায়ী বাংলাদেশ এগোচ্ছে কচ্ছপ গতিতে।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেনেভা থেকে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। তিনি ধীরগতির এই অগ্রগতি প্রসঙ্গে বলেন, ‘সুচকে আমাদের স্কোর বাড়লেও তুলনামূলক অবস্থানে আমরা একই আছি। আমরা এখনো হাঁটছি। কিন্তু নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশ হতে গেলে আমাদের এখন দৌড়াতে হবে। এ জন্য উদ্ভাবনী শক্তির ওপর ভিত্তি করে দক্ষতা বাড়িয়ে এগিয়ে যেতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিডির সংলাপ ও যোগাযোগ বিভাগের পরিচালক আনিসাতুল ফাতেমা ইউছুফ, জ্যেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম খান প্রমুখ।