প্রতিযোগিতায় ৬৩ স্কুলের শিক্ষার্থীরা
গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে রাজশাহী, বরগুনা, সিলেট ও জয়পুরহাট জেলায়। প্রতিযোগিতায় এই চার জেলার মোট ৬৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ঢাকার বাইরে প্রথম আলোর সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়, জেলা প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদকের পাঠানো খবর:

রাজশাহী: সকালে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা শহরের পদ্মা কমিউনিটি সেন্টারে হাজির হয়। কেউ কেউ আসে প্রায় ৬০ কিলোমিটার দূর থেকেও। মূল অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে নয়টায়। শুরুতে প্রতীক সাহা নামের এক প্রতিযোগীর অকালমৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সে রাজশাহী বিবি হিন্দু একাডেমির ১০ জন প্রতিযোগীর একজন ছিল। ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২২ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় রাজশাহী জেলা পর্যায়ের আই-জেন প্রতিযোগিতা। দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা স্কুল নির্বাচিত হয় রাজশাহী গভ. ল্যাবরেটরি হাইস্কুল। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে ওই স্কুলের শিক্ষার্থী শেখ শাফায়াত। ইন্টারনেট বিষয়ে বক্তৃতা করেন অনুষ্ঠানের বিচারক রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল অনুষদের ডিন ইকবাল মতিন, লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন ও রাজশাহী ইউসেপ স্কুলের শিক্ষক মাসুদ রানা।

বরগুনা: ঝোড়ো হাওয়া উপেক্ষা করে জেলার ছয়টি উপজেলার ১৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলা শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে এসে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় সেরা বিদ্যালয় নির্বাচিত হয় বরগুনা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়। সেরা প্রতিযোগী নির্বাচিত হয় এই বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী। তারা হলো: অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাহমিনা তাসনিম, দশম শ্রেণির রিয়ামণি, নবম শ্রেণির শম্পা কর্মকার, কুলসুম খাতুন ও ফাতেমা রিমা। এতে বিচারক ছিলেন বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের গণিত বিভাগের শিক্ষক ও নন-টেক বিভাগের বিভাগীয় প্রধান অনিল চন্দ্র কীর্তনীয়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি সুশান্ত পোদ্দার।
জয়পুরহাট: গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে ১৬টি স্কুলের শিক্ষার্থীরা শহরের পৌর কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়। সকাল সাড়ে নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেয় তারা। দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয় জেলা পর্যায়ের সেরা নির্বাচিত হয়। ওই বিদ্যালয়ের নির্বাচিত পাঁচজন হলো: তাসফিয়া ফারদিন, বিজয়া দেবনাথ, সাদিয়া আক্তার সুমি, শায়ীদা ইসলাম ও জান্নাতুল মাওয়া মৌসি।
সিলেট: নগরের সোবহানীঘাট এলাকার আগ্রা কমিউনিটি সেন্টারে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৯ জন শিক্ষার্থী এমসিকিউ পরীক্ষা, গেম জোন এবং দলীয় উপস্থাপনায় অংশ নেয়। দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা স্কুল নির্বাচিত হয় সিলেটের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ। স্কুলটির সর্বোচ্চ নম্বরধারী পাঁচজন বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ইয়েস কার্ড পেয়েছে।
আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। আই-জেনে জেলা পর্যায়ে অংশ নিচ্ছে এক হাজার স্কুল দল। প্রতি জেলা থেকে গড়ে ১৬টি করে বিদ্যালয়ের বিজয়ী দলগুলো অংশ নিচ্ছে।