তিস্তা চুক্তি স্বাক্ষর না করে ‘প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরের উদ্যোগ অনাকাঙ্ক্ষিত। এই প্রতিরক্ষা চুক্তি সন্দেহ ও অবিশ্বাসের জন্ম দিয়ে দুই দেশের বন্ধুত্বকে ক্ষুণ্ন করবে। তাই তিস্তা নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতে পানিবণ্টন করতে হবে।
গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান এই কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে যে ৩৩টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, তাতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি নেই। তার ওপর ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি হতে যাচ্ছে। ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সমস্যাগুলোকে প্রাধান্য না দিয়ে প্রতিরক্ষা চুক্তি করা হলে তা দেশের স্বার্থ ক্ষুণ্ন করবে।