প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে প্রতিরক্ষা চুক্তি হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ১৯ জন বিশিষ্ট নাগরিক।
গতকাল বুধবার এক বিবৃতিতে এই শঙ্কা প্রকাশ করেন ১৯ বিশিষ্ট নাগরিক। তাঁরা আশা প্রকাশ করেন, ভারত সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টিকারী কিংবা ক্ষতিকর কোনো চুক্তি করবেন না।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের সরকারি মহল থেকে একাধিকবার দাবি করা হয়েছে, বর্তমান সরকারের শাসনামলে দুই দেশের সম্পর্ক সর্বোচ্চ শিখরে রয়েছে। সম্পর্ক যদি সর্বোচ্চ শিখরে পৌঁছেই থাকে, তাহলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি করার প্রয়োজনীয়তা বোধগম্য নয়।
বিবৃতি দেওয়া বিশিষ্ট নাগরিকদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মাজেদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরী, কবি আল মাহমুদ, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ। বিজ্ঞপ্তি