প্রতিরক্ষা দেয়াল ভেঙে পড়ায় ঝুঁকিতে বিদ্যালয় ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেওরাছড়া খালের পানির তোড়ে পাড় ধসে মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিরক্ষা দেয়াল ভেঙে পড়েছে। শিগগিরই প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা না হলে আগামী বর্ষায় বিদ্যালয়ের একটি ভবন ও মাঠ দেওরাছড়া খালে ধসে পড়বে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৩০ সালে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নে নিতেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এ বিদ্যালয়ে বর্তমানে ৩৫০ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক আছেন।
৫ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের প্রতিরক্ষা দেয়ালের পশ্চিমের অংশ ভেঙে দেওরাছড়া খালের মধ্যে পড়ে গেছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ব্যবহারের জন্য নির্মাণাধীন ওয়াশ ব্লকের (শৌচাগার) দক্ষিণ অংশও ভেঙে খালে পড়ে গেছে। খুদে শিক্ষার্থীদের ছোটাছুটির সময় যেকোনো মুহূর্তে ব্লকটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। প্রতিরক্ষা দেয়াল ভেঙে পড়ায় বিদ্যালয়ের মাঠ এবং বিদ্যালয় ভবনটিও অরক্ষিত অবস্থায় আছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ফেরদৌসী সুলতানা বলেন, ‘ওয়াশ ব্লক নির্মাণের আগে মাটি পরীক্ষা করা দরকার ছিল। বিষয়টি লিখিতভাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সবাইকে জানিয়েছি। এখন প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা জরুরি।’
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরী বলেন, যারা ওয়াশ ব্লক নির্মাণের কাজ করছিল, তাদেরকে বিষয়টি জানানো হয়েছে। প্রতিরক্ষা দেয়াল নির্মাণের জন্য একটি প্রকল্প (প্রজেক্ট) গ্রহণের জন্য ইউএনওর সঙ্গে আলাপ হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ ওয়াশ ব্লক সাড়ে ছয় লাখ টাকা ব্যয়ে নির্মাণ করছে। চুক্তিবদ্ধ ঠিকাদার সিরাজুল ইসলাম ভবন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছিলেন। গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রচুর বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে খালের পানি উপচে বিদ্যালয়ের মাঠ এবং আশপাশের বাড়িঘরে ঢুকে পড়ে। এ সময় খালের পাড় ধসে প্রথমে প্রতিরক্ষা দেয়াল এবং পরে ওয়াশ ব্লকটি ভেঙে পড়ে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান জানান, বিদ্যালয় ভবনের দক্ষিণ দিকে ফাটল দেখা দিয়েছে। বর্ষার আগে প্রতিরক্ষা দেয়াল না করা গেলে বিদ্যালয় ভবন ভেঙে পড়বে। নির্মাণাধীন ওয়াশ ব্লক সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা ভেঙে ফেলা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
সদর উপজেলার ইউএনও মো. আশরাফুল আলম খান বলেন, আগামী বর্ষার আগেই প্রতিরক্ষা দেয়াল নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হবে।