প্রতিরক্ষা বাহিনীকে আরও কার্যক্ষম ও গতিশীল করা হচ্ছে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিরক্ষা বাহিনীকে আরও কার্যক্ষম ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে।

আজ সংসদে সরকারি দলের বেগম ফজিলাতুন্নেসা বাপ্পীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, সেনাবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় খসড়া জাতীয় প্রতিরক্ষা নীতি ও সেনাবাহিনী ‘ফোর্সেস গোল ২০৩০’ নির্ধারণের কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে ১৭ পদাতিক ডিভিশন নামে একটি পদাতিক ব্রিগেড, ৯৯ সম্মিলিত ব্রিগেড নামে একটি ব্রিগেড, ৩৬০ পদাতিক ব্রিগেডসহ চারটি পদাতিক ব্যাটালিয়ন, একটি ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন, একটি রাডার কন্ট্রোল এডি ইউনিট, একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার কোম্পানি এবং একটি ইএমই সেকশন নতুন গঠন করা হয়েছে। এ ছাড়া ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় আগামী ছয় বছরের মধ্যে একটি আর্টিলারি ব্রিগেডসহ ৩৬টি ইউনিট গঠন করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামোতে আধুনিক অস্ত্র, গোলাবারুদ ও যোগাযোগ সরঞ্জামাদি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সামগ্রিকভাবে সেনাবাহিনীর সমরশক্তি ও চলাচল সক্ষমতা আরও অনেক বাড়াবে।
মন্ত্রী বলেন, ইতিমধ্যে বর্তমান সরকার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সেলফ প্রোপেল্ড গান, অত্যাধুনিক অ্যামুনিশন প্ল্যান্ট, চতুর্থ প্রজন্মের এমবিটি-২০০০ মডেলের ট্যাংক, উইপন লোকেটিং রাডার, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার, আর্মার্ড রিকভারি ভেহিক্যাল এবং হেলিকপ্টার ক্রয় সম্পন্ন করেছে, যা নিজস্ব সমরশক্তি বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা প্রতিবছর উন্নতমানের ১২ হাজার বিডি-০৮ রাইফেল উত্পাদনের সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশ সেনাবাহিনীকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ পদ্ধতি আধুনিক করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, নৌবাহিনীকে আরও কার্যক্রম ও গতিশীল করার লক্ষ্যে বর্তমান সরকার ‘ফোর্সেস গোল ২০৩০’ প্রণয়ন করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করেছে। সমুদ্র এলাকায় বহিঃশত্রুর মোকাবিলা ছাড়াও জলদস্যুতা, মাদক, অস্ত্র, মানব চোরাচালান প্রতিরোধ, সামুদ্রিক দূষণরোধ এবং মত্স্য ও খনিজ সম্পদের সুরক্ষা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে একটি শক্তিশালী নৌশক্তি গড়ে তোলার কার্যক্রমও নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে ভবিষ্যতে পর্যায়ক্রমে ত্রিমাত্রিক যুদ্ধক্ষমতাসম্পন্ন হেলিকপ্টারবাহী মিসাইল ফ্রিগেট, দ্বিমাত্রিক যুদ্ধক্ষমতাসম্পন্ন করভেট, ক্ষেপণাস্ত্রবাহী লার্জ পেট্রোল ক্রাফট, অল্প গভীরতায় চলাচলের যোগ্য দ্রুতগামী পেট্রোল ক্রাফট, যুদ্ধকালীন মাইন ওয়ারফেয়ারের জন্য মাইন কাউন্টার মেজর ভ্যাসেল যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানবাহিনীর ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালনের জন্য বাংলাদেশ বিমানবাহিনীর সাংগঠনিক ও ভৌত অবকাঠামো বর্ধিত করা, যুগোপযোগী নতুন বিমান, রাডার, সমরাস্ত্র সংযোজন এবং পুরোনো সরঞ্জামের আয়ুষ্কাল শেষে প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ২০০৯-১০ অর্থবছরে প্রথমবারের মতো বাংলাদেশ বিমানবাহিনীতে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সংযোজন করা হয়েছে। প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করার জন্য ২০১০-১১ অর্থবছরে ১৬টি এফ-৭ বিজিআই/এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান ক্রয় করা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ বিমানবাহিনীর জন্য ২০১০-১১ অর্থবছরে তিনটি এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার বিমানবাহিনীতে সংযোজন করা হয়েছে। আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করার লক্ষ্যে চারটি এয়ার ডিফেন্স রাডার ক্রয় করা হয়েছে।
তিনি আরও বলেন, বিমানবাহিনীর কাঠামো সম্প্রসারণের জন্য ‘ফোর্সেস গোল ২০৩০’-এর আওতায় এক হাজার ৭৫২ জন লোকবলসংবলিত বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ২৭ জন লোকবলসংবলিত সাইবার ওয়ারফেয়ার অ্যান্ড আইটি পরিদপ্তর এবং ২০০ জন লোকবলসংবলিত বিমানবাহিনীর ৩০১ সারফেস টু এয়ার মিসাইল ইউনিট সৃষ্টি করা হয়েছে। ফলে সর্বমোট এক হাজার ৯৭৯টি নতুন পদ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদন সাপেক্ষে চারটি এটিএস রাডার স্কোয়াড্রন, কক্সবাজার রাডার ইউনিট, বিমানবাহিনী একাডেমির পুনর্গঠন এবং ২১৪ মেইনটেন্যান্স রিপেয়ার অ্যান্ড ওভারহলিং ইউনিট সৃজনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া প্রতিরক্ষা বাহিনীকে আরও গতিশীল ও কার্যক্ষম করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।