প্রতিরক্ষা বিষয়ে বেসামরিক প্রশাসনের জ্ঞান থাকা অপরিহার্য: শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি ) ও সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি ) ১৫তম যৌথ সভায় প্রধানমন্ত্রী ও বোর্ড সদস্যরা। ছবি: আইএসপিআর
ঢাকা সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি ) ও সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি ) ১৫তম যৌথ সভায় প্রধানমন্ত্রী ও বোর্ড সদস্যরা। ছবি: আইএসপিআর

প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ে বেসামরিক প্রশাসনের সদস্যদের সম্যক জ্ঞান থাকার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান বিশ্বে প্রতিরক্ষা তথা জাতীয় নিরাপত্তার পরিধি ও পরিসর বহুগুণে বেড়েছে। খবর বাসসের।

প্রচলিত রাষ্ট্রীয় নিরাপত্তা ধারণার সঙ্গে সঙ্গে ব্যক্তি, অর্থনৈতিক, জাতীয় সমৃদ্ধি ও পরিবেশগত নিরাপত্তা জাতীয় নিরাপত্তার অন্তর্ভুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সামরিক বাহিনীর সদস্য ছাড়াও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত বেসামরিক প্রশাসনের সদস্যদের জন্য প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ে সম্যক জ্ঞান থাকা অপরিহার্য।’

প্রধানমন্ত্রী আজ ঢাকা সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) ও সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ১৫তম যৌথ সভায় সূচনা বক্তব্যে এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, তিন বাহিনীর প্রধান, সংশ্লিষ্ট সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্যরা, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ বাংলাদেশের দুটি অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি উন্নত মানসম্পন্ন ও যুগোপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যে সুপরিচিতি লাভ করেছে। আগামী বছরগুলোতে এই দুই প্রতিষ্ঠান যাতে যুগোপযোগী ও আরও কার্যকরভাবে আন্তর্জাতিক অঙ্গনে অধিকতর সুপরিচিতি লাভ করতে পারে, সেদিকে বোর্ডের সব সদস্যকে সচেষ্ট হওয়ার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানান।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারি ও দক্ষতা অর্জনের পিছনে এ প্রতিষ্ঠান দুটির অবদান অপরিসীম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশাবাদী, দেশে ও বিদেশে প্রতিষ্ঠান দুটির সাফল্যের এ ধারাবাহিকতা বজায় থাকবে এবং উন্নততর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে।’

প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠান দুটি হতে এ যাবত্ বন্ধুপ্রতিম ৩৭টি দেশের সশস্ত্র বাহিনীর অফিসাররা প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং পরবর্তীকালে তাঁরা নিজ নিজ দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন—এ কথা জেনে তিনি খুশি হয়েছেন।

এর মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হওয়ার পাশাপাশি বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে সুপরিচিত করে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠান দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যেই সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনে এ ধরনের প্রশিক্ষণের সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে।