
প্রতিরক্ষা-ব্যয়ের বিশদ তথ্য আগামী দিনে পাওয়া যাবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদকে এ তথ্য জানিয়ে বলেছেন, ‘প্রতিরক্ষা বাজেট সম্পর্কে তেমন কিছু বলা হয় না। আমাদের দেশে ক্ষমতার অবৈধ দখলের কারণে এটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। এটা খুব সুস্থ প্রথা হয়নি।’
সরকারের শরিক জাসদের সাংসদ মইন উদ্দীন খান বাদল প্রতিরক্ষা বাজেটের তথ্য প্রকাশের ওপর জোর দাবি তোলায় অর্থমন্ত্রী আজ সোমবার সংসদকে এসব তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে চলতি ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের সম্পূরক বরাদ্দ অনুমোদন হয়।
সরকারের শরিক জাসদের মঈন উদ্দীন খান প্রতিরক্ষা-ব্যয়ের তথ্য প্রকাশ করার দাবি করে বলেন, ‘পাকিস্তান তাদের প্রতিরক্ষা-ব্যয় সম্পর্কে সংবাদ সম্মেলন করছে। বার্মাও উন্মুক্ত করছে। জনগণের টাকা কোথায় খরচ করবেন, তা প্রকাশ করতে হবে।’ ‘দাঁত আর লেজে কত খরচ’ জানতে চেয়ে তিনি বলেন, ‘সমরাস্ত্র কেনায় কত, বিল্ডিং তৈরিতে কত, বেতন-ভাতায় কত টাকা যাচ্ছে, তা জানার অধিকার জনগণের আছে।’ এর পরই অর্থমন্ত্রী সংসদকে জানান, প্রতিরক্ষা-ব্যয়ের বিশদ তথ্য আগামী দিনে পাওয়া যাবে।
অর্থমন্ত্রী সম্পূরক বাজেটের আলোচনায় মঈন উদ্দীন খান বাদলের প্রতিরক্ষা-ব্যয় প্রকাশের দাবির কথা উল্লেখ করে বলেন, ‘আমি পাঁচ বছর ধরে এই প্রথা সংস্কারের চেষ্টা করছি। আশা করছি এই মেয়াদেই সংস্কার করতে পারব। আশা করি আগামীতে প্রতিরক্ষা বাজেট সম্পর্কে বিস্তারিত পাবেন।’
পরে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী প্রতিরক্ষা খাতে সম্পূরক বাজেট বরাদ্দের বিরোধিতা করেন। তিনি বিস্তারিত তথ্য প্রকাশের দাবি করে বলেন, প্রতিরক্ষা খাতে সমরাস্ত্র কেনা, সেনা, নৌ ও বিমানবাহিনীর কার জন্য কী কিনতে কত টাকা লাগে, বেতন-ভাতায় কত টাকা খরচ হয়, তার তথ্য দিতে হবে। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা বাহিনী বিজাতীয় নয়, ঔপনিবেশিক নয়। তিনি সম্পূরক বাজেটে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৭০৫ কোটি টাকার পরিবর্তে এক টাকা বরাদ্দের প্রস্তাব করেন।
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ হোসেন এর জবাব দেন। তিনি বলেন, প্রত্যেক দেশেই এখন প্রতিরক্ষা বাজেট স্বচ্ছ করার আলোচনা চলছে। বাংলাদেশও সেখানে আলোচনার স্বাক্ষরকারী। প্রতিরক্ষা বাজেট গোপন রাখার কারণে অনেক সময় ভুল-বোঝাবুঝি হয়, এক দেশের সঙ্গে অন্য দেশের সংঘর্ষ হয়। আওয়ামী লীগ সরকার এ বিষয়ে স্বচ্ছতা আনতে চায়। সামরিক সরকারগুলো এগুলো গোপন রাখে। প্রকাশ করে না। এরপর তিনি প্রতিরক্ষা খাতে অতিরিক্ত বরাদ্দের দাবিটি সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।
আর্থিক খাতে কেলেঙ্কারি নিয়ে শ্বেতপত্র প্রকাশ হবে
অর্থমন্ত্রী বেসিক ব্যাংক, হল-মার্ক কেলেঙ্কারি, শেয়ারবাজারে উত্থান-পতন নিয়ে আলোচনাগুলোকে গুরুত্বে নেন। তিনি বলেন, ‘আর্থিক খাতের কেলেঙ্কারি আমার মন্ত্রণালয়ের জন্য লজ্জাকর, দুঃখজনক। জাতির জন্যও দুঃখজনক।’ এ পর্যায়ে তিনি আর্থিক খাতের কেলেঙ্কারির ওপর শ্বেতপত্র প্রকাশ করবেন বলে জানান।
শেয়ারবাজার সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ঐতিহাসিকভাবেই বাংলাদেশের শেয়ারবাজারে উত্থান-পতন হয়েই যায়। তবে ডিমিউচুয়ালাইজেশনে পর বাজার আরও খারাপ হয়েছে, জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদের এমন বক্তব্যকে তিনি নাকচ করে বলেন, সঠিক সময়ে এটা করা হয়েছে। আওয়ামী লীগ শেয়ারবাজারকে গুরুত্ব দিয়েছে। কেননা ব্যাংকের অর্থে শিল্প হবে না। দীর্ঘ সময়ের জন্য অর্থ আসবে এই পুঁজিবাজার থেকে।
এর আগে কাজী ফিরোজ রশীদ সম্পূরক বাজেটের আলোচনায় বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৪৪০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চাচ্ছে। কিন্তু, দিনে-দুপুরে একেকটা ব্যাংক ডাকাতি হচ্ছে এ নিয়ে অর্থমন্ত্রী কী বলবেন? আজও প্রথম আলোতে ছাপা হয়েছে বেসিক ব্যাংকে লুটপাটের জন্য পরিচালনা পর্ষদ ভেঙে দিতে বাংলাদেশ ব্যাংক সুপারিশ করলেও তা করা হচ্ছে না। বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিবেদনেও ছাপা হয়েছে বেসিক ব্যাংকে যা হয়েছে, তা ডাকাতি। হল-মার্ক গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ টাকা নিয়ে গেল। বাংলাদেশ ব্যাংক তদারকি করছে না। বাংলাদেশ ব্যাংকের অসাধু কর্মকর্তা, ব্যাংকের পরিচালনা পর্ষদ আর ব্যবস্থাপনার শীর্ষ কর্মকর্তারা যোগসাজশে লুটপাট করছে।
চট্টলা কন্যার মতো পাণি গ্রহণ করলে গোপালগঞ্জ সমিতি প্লট পেত
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অতিরিক্ত বরাদ্দ দেওয়ার বিরোধিতা করে ফিরোজ রশীদ বলেন, এই মন্ত্রী চট্টলা কন্যার পাণি গ্রহণ করেছেন (বিয়ে করেছেন) বলে মতিঝিলের এক খণ্ড জমি চট্টগ্রাম সমিতিকে দিয়েছেন। এটা তিনি আবার ফাইলের নোটে লিখেছেন। ফিরোজ রশীদ প্রস্তাব করে বলেন, ‘গোপালগঞ্জের খালে-বিলে অনেক পানি আছে। উনি যদি দয়া করে একটু গ্রহণ করতেন, তাহলে আমরা গোপালগঞ্জ সমিতি একটা প্লট পেতাম।’
উল্লেখ্য, বর্তমান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সর্বশেষ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে মতিঝিলের এক খণ্ড জমি চট্টগ্রাম সমিতিকে দিয়েছেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, সরকারি দলের সাংসদ পঙ্কজ দেবনাথ, জাতীয় পার্টির ফখরুল ইসলাম প্রমুখ সম্পূরক বাজেটের ওপর আলোচনা করেন।