প্রতিরক্ষা ব্যয়ের বিশদ তথ্য ভবিষ্যতে পাওয়া যাবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদকে এ তথ্য জানিয়ে বলেছেন, ‘প্রতিরক্ষা বাজেট সম্পর্কে তেমন কিছু বলা হয় না। আমাদের দেশে ক্ষমতার অবৈধ দখলের কারণে এটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। এটা খুব সুস্থ প্রথা হয়নি।’
সরকারের শরিক জাসদের সাংসদ মঈন উদ্দীন খান বাদল প্রতিরক্ষা বাজেটের তথ্য প্রকাশের দাবি তোলায় অর্থমন্ত্রী গতকাল সোমবার সংসদকে এ কথা জানান।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের সম্পূরক বরাদ্দ অনুমোদন হয়। অর্থমন্ত্রী দেশের আর্থিক খাতে বিভিন্ন কেলেঙ্কারির ওপর শ্বেতপত্র প্রকাশ করবেন বলে সংসদকে জানিয়েছেন।
অর্থমন্ত্রী প্রতিরক্ষা ব্যয় প্রকাশের দাবির কথা উল্লেখ করে বলেন, ‘আমি পাঁচ বছর ধরে এই প্রথা সংস্কারের চেষ্টা করছি। আশা করছি, এই মেয়াদেই সংস্কার করতে পারব। আশা করি ভবিষ্যতে প্রতিরক্ষা বাজেট সম্পর্কে বিস্তারিত পাবেন।’
পরে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী প্রতিরক্ষা খাতে সম্পূরক বাজেট বরাদ্দের বিরোধিতা করেন। তিনি বিস্তারিত তথ্য প্রকাশের দাবি করে বলেন, প্রতিরক্ষা খাতে সমরাস্ত্র কেনা, সেনা, নৌ ও বিমানবাহিনীর কার জন্য কী কিনতে কত টাকা লাগে, বেতন-ভাতায় কত টাকা খরচ হয়, তার তথ্য দিতে হবে। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা বাহিনী বিজাতীয় নয়, ঔপনিবেশিক নয়।
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ হোসেন এর জবাব দেন। তিনি বলেন, প্রত্যেক দেশেই এখন প্রতিরক্ষা বাজেট স্বচ্ছ করার আলোচনা চলছে। বাংলাদেশও সেখানে আলোচনার স্বাক্ষরকারী। প্রতিরক্ষা বাজেট গোপন রাখার কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, এক দেশের সঙ্গে অন্য দেশের সংঘর্ষ হয়। আওয়ামী লীগ সরকার এ বিষয়ে স্বচ্ছতা আনতে চায়। সামরিক সরকারগুলো এগুলো গোপন রাখে। প্রকাশ করে না। এরপর তিনি প্রতিরক্ষা খাতে অতিরিক্ত বরাদ্দের দাবিটি সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।
বাজেট পেশের পর প্রতিরক্ষা বাজেটের স্বচ্ছতা নিয়ে প্রথম আলোতে একাধিক লেখা প্রকাশ করা হয়েছে। এর পরই সংসদে গতকাল এ নিয়ে আলোচনা হলো। সরকারও প্রতিরক্ষা বাজেটের বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানাল। যোগাযোগ করা হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, এটা ইতিবাচক। অনেক দিন ধরেই এই দাবি করা হচ্ছে। প্রতিরক্ষা বাহিনী জনগণের অর্থে, জনগণের স্বার্থে নিরাপত্তা দেয়। ফলে জনগণ তাদের ব্যয়ের তথ্য জানতে পারে। তিনি বলেন, ভবিষ্যতে কেন, সদিচ্ছা থাকলে যে বাজেট উপস্থাপন করা হয়েছে তার আলোচনাতেই এ তথ্য আসতে পারে। প্রক্রিয়াটা চর্চা করা শুরু হতে পারে৷ তিনি আরও বলেন, জনগণ প্রতিরক্ষা বাজেট সম্পর্কে যত বেশি জানতে পারবে, তত েবশি তাদের আস্থা বৃদ্ধি পাবে। স্বচ্ছতার মাধ্যমেই জনগণের আস্থা বাড়ানো যাবে।
সংসদে অর্থমন্ত্রী বেসিক ব্যাংক, হল-মার্ক কেলেঙ্কারি, শেয়ারবাজারে উত্থান-পতন নিয়ে আলোচনার কথা উল্লেখ করে বলেন, ‘আর্থিক খাতের কেলেঙ্কারি আমার মন্ত্রণালয়ের জন্য লজ্জাকর, দুঃখজনক। জাতির জন্যও দুঃখজনক।’ এ পর্যায়ে তিনি আর্থিক খাতের কেলেঙ্কারির ওপর শ্বেতপত্র প্রকাশ করবেন বলে জানান।
আর শেয়ারবাজার সম্পর্কে তিনি বলেন, ঐতিহাসিকভাবেই বাংলাদেশের শেয়ারবাজারে উত্থান-পতন হয়। তবে ডিমিউচুয়ালাইজেশনের পর বাজার আরও খারাপ হয়েছে, জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদের এমন বক্তব্যকে তিনি নাকচ করে দেন। বলেন, সঠিক সময়ে এটা করা হয়েছে। আওয়ামী লীগ শেয়ারবাজারকে গুরুত্ব দিয়েছে। কেননা ব্যাংকের অর্থে শিল্প হবে না। দীর্ঘ সময়ের জন্য অর্থ আসবে এই পুঁিজবাজার থেকে।
এর আগে কাজী ফিরোজ রশীদ সম্পূরক বাজেটের আলোচনায় বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৪৪০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চাচ্ছে। কিন্তু, অর্থমন্ত্রী কি বলবেন, দিনদুপুরে একেকটা ব্যাংক ডাকাতি হচ্ছে। আজও প্রথম আলোতে ছাপা হয়েছে, বেসিক ব্যাংকে লুটপাটের জন্য পরিচালনা পর্ষদ ভেঙে দিতে বাংলাদেশ ব্যাংক সুপারিশ করলেও তা করা হচ্ছে না। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনেও ছাপা হয়েছে বেসিক ব্যাংকে যা হয়েছে, তা ডাকাতি। হল-মার্ক গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ টাকা নিয়ে গেল। বাংলাদেশ ব্যাংক তদারকি করছে না। বাংলাদেশ ব্যাংকের
অসাধু কর্মকর্তা, ব্যাংকের পরিচালনা পর্ষদ আর ব্যবস্থাপনার শীর্ষ কর্মকর্তারা যোগসাজশে লুটপাট করছেন। ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অতিরিক্ত টাকা না দিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তা দিতে প্রস্তাব করেন তিনি।
ফিরোজ রশীদ একইভাবে শেয়ারবাজার লুটপাটের জন্যও এই বিভাগের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনেন। বলেন, সরকারি দলের কিছু লোক ও সাবেক বিরোধী দলের কয়েকজন মিলে লুটপাট করেছে। আর ৩৩ লাখ বিনিয়োগকারী তাতে নিঃস্ব হয়েছেন। তিনি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত বরাদ্দের বিরোধিতা করে বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আত্মীয়স্বজন, পিয়নেরা পর্যন্ত চার-পাঁচবার হজে যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে সাবেক একজন স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ না করে তিনি বলেন, তাঁর নামের আগে ‘ডক্টর’ আছে। তিনি ডিসিকে নির্দেশ দিয়েছিলেন, ১২ হত্যা মামলার একজন আসামি, ১০ বছর জেলে ছিলেন, আগেই তাকে ফাঁসির দড়ি থেকে বাঁচিয়েছিলেন—তাঁকে রিভলবারের লাইসেন্স দিতে।
বস্ত্র মন্ত্রণালয়ে অতিরিক্ত বরাদ্দ দেওয়ার বিরোধিতা করে ফিরোজ রশীদ বলেন, এই মন্ত্রী চট্টলাকন্যার পাণি গ্রহণ করেছেন (বিয়ে করেছেন) বলে মতিঝিলের এক খণ্ড জমি চট্টগ্রাম সমিতিকে দিয়েছেন। এটা তিনি আবার ফাইলের নোটে লিখেছেন। ফিরোজ রশীদ প্রস্তাব করে বলেন, ‘গোপালগঞ্জের খালে-বিলে অনেক পানি আছে। উনি যদি দয়া করে একটু গ্রহণ করতেন, তাহলে আমরা গোপালগঞ্জ সমিতি একটা প্লট পেতাম।’ বন ও পরিবেশ বলে কিছু নেই উল্লেখ করে তিনি এই মন্ত্রণালয়েও কোনো অতিরিক্ত বরাদ্দ দেওয়ার বিরোধিতা করেন।
জাসদের মঈন উদ্দীন খান বলেন, পাকিস্তান তাদের প্রতিরক্ষা ব্যয় সম্পর্কে সংবাদ সম্মেলন করছে। মিয়ানমারও উন্মুক্ত করছে। জনগণের টাকা কোথায় খরচ করবেন, তা প্রকাশ করতে হবে। দাঁত আর লেজে কত খরচ জানতে চেয়ে তিনি বলেন, সমরাস্ত্র কেনায় কত, বিল্ডিং তৈরিতে কত, বেতন-ভাতায় কত টাকা যাচ্ছে তা জানার অধিকার জনগণের আছে।
জাতীয় পার্টির নূরুল ইসলাম বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বরাদ্দ দেওয়া যাবে না। চরম খারাপ অবস্থায় রয়েছে দেশের ব্যাংক খাত। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সরকারি দলের সাংসদ পঙ্কজ দেবনাথ, জাতীয় পার্টির ফখরুল ইসলাম সম্পূরক বাজেটের ওপর আরও আলোচনা করেন।
সংশোধিত বাজেট: গতকাল চলতি ২০১৩-১৪ অর্থবছরের দুই লাখ ১৬ হাজার ২২২ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন করে জাতীয় সংসদ। চলতি বছরের মূল বাজেট ছিল দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা।
তবে চলতি বছরের বাজেটে ৩৫টি মন্ত্রণালয় বা বিভাগ অধিক খরচ করায় মোট আট হাজার ৬৬ কোটি ২৫ লাখ ৭৯ হাজার টাকার সম্পূরক বাজেট নির্দিষ্টকরণ বিল আকারে উত্থাপন করা হলে সংসদ তা অনুমোদন করে। একই সময়ে ২৩টি মন্ত্রণালয় বা বিভাগ ১৮ হাজার ৫৮৯ কোটি ৭১ লাখ টাকা কম খরচ করেছে।
এর ফলে সংশোধিত বাজেটের আকার ছয় হাজার ২৬৯ কোটি টাকা কমলেও ঘাটতি বেড়ে হয়েছে ৫৯ হাজার ৫৫১ কোটি টাকা বা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ। মূল বাজেটে ঘাটতির পরিমাণ নির্ধারণ করা হয়েছিল ৪৮ হাজার ৩৬২ কোটি টাকা বা জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ।
সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার কাটছাঁট করে ৬০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। মূল বাজেটে এডিপি ছিল ৬৫ হাজার ৮৭০ কোটি টাকা। অর্থাৎ সরকারের উন্নয়ন অর্থায়ন কমেছে।
কিন্তু সরকারের ঋণ বৃদ্ধি পেয়েছে। সংশোধিত বাজেটে সরকারের ঋণ বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৩ হাজার ৫৯৫ কোটি টাকা, মূল বাজেটে ঋণের লক্ষ্যমাত্রা ছিল ৪৮ হাজার ৩৬২ কোটি টাকা। তবে বৈদেশিক ঋণ/সাহায্য কমে গেছে। অভ্যন্তরীণ খাতের ঋণ বেড়েছে। শুধু ব্যাংক খাত থেকেই সরকারকে ঋণ করতে হচ্ছে ২৯ হাজার ৯৮২ কোটি টাকা। মূল বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা।
৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য সম্পূরক অর্থায়ন চেয়ে সংসদে দাবি প্রস্তাব উত্থাপন করা হয়। এর বিপরীতে বিরোধী দল জাতীয় পার্টির কোনো ছাঁটাই প্রস্তাব নেই, তবে স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর ২৭ দাবিতে ছাঁটাই, মিতব্যয়ী, নীতি অননুমোদন ও প্রতীক ছাঁটাই প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। রুস্তম আলী তাঁর ছয়টি ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা করার সুযোগ পান।