ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের ঢাকা সফরের সময় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে প্রশিক্ষণসহ অন্যান্য সংশ্লিষ্ট প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। গতকাল শনিবার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের গত সপ্তাহে বাংলাদেশ ঘুরে যাওয়ার বিষয়েও প্রধানমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকেরা।
মনোহর পারিকরের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার প্রসঙ্গে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, ‘সহযোগিতার ব্যাপারে তো আলোচনা হবেই। ট্রেনিং থেকে শুরু করে আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিনিময় করি। কাজেই এসব বিনিময় তো থাকবে, এটা সব দেশের সাথেই। আর ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে যে সহযোগিতা করেছিল, সেটাও নিশ্চয় আপনাদের মনে থাকা উচিত। তাদের সশস্ত্র বাহিনী কিন্তু আমাদের সর্বতোভাবে সহযোগিতা করেছে মহান মুক্তিযুদ্ধের সময়। সে কথাটা আমাদের একদম ভুললে চলবে না। সে সময় যে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, তার একটি রেপ্লিকা আমাদের জাদুঘরে রাখতে দিয়েছে। কাজেই আমরা আলাপ-আলোচনা করেছি যে আমাদের প্রশিক্ষণের বিষয় এবং অন্য বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা যেতে পারে, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি।’
পারিকরের সফর শেষে ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে মন্ত্রীর ব্যাপকভিত্তিক আলোচনায় দুই দেশের সশন্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃপ্রতিম বন্ধন আরও জোরদার হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামর্থ্য ও সক্ষমতা বাড়াতে নতুন কিছু উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন। এসব আলোচনায় প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানো, যৌথ মহড়া পরিচালনা, এইচএডিআর (মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা) কর্মসূচি বাড়ানো ও সামুদ্রিক অর্থনীতিতে সহযোগিতার প্রসঙ্গ উঠে আসে।
সফরের দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ার আগে মনোহর পারিকর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
মনোহর পারিকরের ঢাকা সফরের আগে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, ডিসেম্বরে দিল্লিতে শেখ হাসিনা-নরেন্দ্র মোদি শীর্ষ বৈঠকে নিরাপত্তা সহযোগিতা চুক্তি সইয়ের বিষয়টি চূড়ান্ত করাই ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফরের মূল লক্ষ্য। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সে দেশের বার্তা সংস্থা পিটিআই এ খবর জানায়।
প্রধানমন্ত্রীর দিল্লি সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি সই হবে কি না জানতে চাইলে গতকালের সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ‘কোনো রকম শর্ত নিয়ে ভারত সফরে যাচ্ছি না। ভারতের সঙ্গে আমাদের ৫৪টি নদী আছে। আমাদের জন্য সবচেয়ে কঠিন যে কাজটি ছিল, তা হলো গঙ্গার পানি চুক্তি। ’৯৬ সালে গঙ্গার পানি নিয়ে দীর্ঘমেয়াদি চুক্তি করেছি। আর তিস্তা নিয়ে আলোচনা চলছে। আমরা আশাবাদী। তবে এটা নির্ভর করে, তারা কীভাবে নেবে। যৌথ নদী কমিশন (জেআরসি) তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা করছে। এ নিয়ে আলোচনা চলতে থাকবে।’