এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা প্রাতিষ্ঠানিক ভিত্তি পেতে যাচ্ছে। দুই দেশের প্রতিরক্ষা-সামর্থ্য বাড়ানো, যৌথ প্রশিক্ষণ ও মহড়া, গবেষণা এবং উচ্চপর্যায়ের নিয়মিত বৈঠকের মতো বিষয়গুলো চূড়ান্ত হতে পারে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে। ৮ এপ্রিল নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠকটি হতে যাচ্ছে।
প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো নিয়ে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠকে প্রস্তাবিত প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখার সমঝোতা স্মারক, ঋণচুক্তির আওতায় সমরাস্ত্র কেনাসহ প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতার বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।