প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখা সই হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর স্পষ্ট করেই বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের দিল্লি সফরের গুরুত্বপূর্ণ অগ্রগতিগুলোর অন্যতম হবে প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখা। তবে দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা চুক্তি সইয়ের জন্য আরও সময় প্রয়োজন বলে তিনি মন্তব্য করেছেন।
শেখ হাসিনার দিল্লি পৌঁছানোর আগের দিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিরক্ষা ও তিস্তা নিয়ে সর্বশেষ এই পরিস্থিতির কথা জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, তিস্তা নিয়ে গতকাল পর্যন্ত এমন কোনো অগ্রগতি নেই, যাতে করে বলা যেতে পারে পরের ৪৮ ঘণ্টায় ‘নাটকীয়’ কিছু ঘটতে যাচ্ছে। কাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষ বৈঠকে বসছেন।
যদিও শেষ মুহূর্তে শেখ হাসিনার সম্মানে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দেওয়া নৈশভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার খবরে হঠাৎ করে তিস্তা নিয়ে নতুন কৌতূহল তৈরি হয়েছে। অবশ্য তিস্তায় পানি নেই মন্তব্য করে মমতা গত বুধবার বুঝিয়ে দিয়েছেন চুক্তি করা নিয়ে তিনি আগের অবস্থানেই আছেন।
বাংলাদেশ-ভারত ঘনিষ্ঠতার ‘নতুন পর্বের’ প্রথম দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে এসেছিলেন বছর সাতেক আগে। চার দিনের সফরে শেখ হাসিনা আজ শুক্রবার আসছেন দিল্লিতে। আজ সন্ধ্যায় এখানকার পালাম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন ভারতের ভারী শিল্প ও উদ্যোক্তাবিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।
ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহল তাদের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর সফরকে ‘যথেষ্ট গুরুত্ব’ দেওয়ার কথা বলছে বারবার। তিস্তা সই না হলেও এবার প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কম-বেশি ৩৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে। তৃতীয় দফায় বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে নতুন করে ৫০০ কোটি ডলার দিতে যাচ্ছে ভারত। এর মধ্যে নতুন মাত্রা হচ্ছে ভারতের কাছ থেকে ৫০ কোটি ডলারের ঋণে সমরাস্ত্র কেনাকাটা। এই সফরের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের সশস্ত্র বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর শহীদদের মরণোত্তর সম্মাননা দেওয়া। একাত্তরে আত্মোৎসর্গকৃত এসব বীরের পরিবারের সাত সদস্যকে এক প্রতীকী অনুষ্ঠানে সম্মান জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখা নিয়ে জানতে চাইলে জয়শঙ্কর বলেন, এই সফরের উল্লেখযোগ্য অগ্রগতিগুলোর অন্যতম হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখা। এবারের সফরে এটি হচ্ছে। তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মিয়ানমার ও আফগানিস্তানের সঙ্গে থাকা এমন সহযোগিতা কেন এত দিন বাংলাদেশের সঙ্গে হয়নি, তিনি তা নিয়ে প্রশ্ন তোলেন।
তাঁর মতে, রাজনীতি ও নিরাপত্তা নিয়ে একে অন্যের সংবেদনশীলতাকে বুঝতে পারায় সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র তৈরি করছে দুই দেশ।
ভারতের পররাষ্ট্রসচিব জানান, এ বছর ভারতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের যেসব সফর হচ্ছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে শেখ হাসিনার সফর। ইতিমধ্যেই দুই নিকট প্রতিবেশীর সম্পর্কে যে অগ্রগতি হয়েছে, শেখ হাসিনা দিল্লিতে এসে সেটিকে নতুন পর্যায়ে নেবেন।
কাল দুপুরে ভারতের বিদ্যুৎ প্রতিমন্ত্রী পীযূষ গোয়েলও সাংবাদিকদের জানিয়েছেন, নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার আলোচনায় কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে সবার কৌতূহল আছে। কারণ, এই সফর সম্পর্কটাকে নতুন পর্যায়ে নেবে। আর বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা বন্ধুত্বের চেয়ে বেশি কিছু।
এদিকে অনেক দিন ধরে ঝুলে থাকায় খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের মাঝে তিস্তা নিয়ে প্রত্যাশা আছে। বিশেষ করে, দুই প্রতিবেশীর ঘনিষ্ঠতা এখন এমন এক পর্যায়ে আছে, তাতে এটি এত দিন না হওয়াটা বাংলাদেশের জনগণের একটা বড় অংশকে অবাক করে। অবশ্য ভারতের কূটনৈতিক সূত্রগুলোতে এ বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করা হলে তারা বলছে, দুই দেশের সম্পর্কের কথা বললেই সীমান্ত চুক্তি সমাধানের পর আলোচনা শুধু পাক খাচ্ছে তিস্তার বৃত্তেই। এমনটা তো হওয়ার কথা নয়। অভিন্ন নদী যখন ৫৪টি, তবে সবগুলো নদী নিয়ে কথা নয় কেন!
তবে গত বুধবার কূটনীতিকসহ এখানকার নানা মহলে কথা বলে ধারণা পাওয়া গেছে, তিস্তা নিয়ে এই সফরে একধরনের অগ্রগতি অর্জনের চেষ্টা আছে ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে। বিশেষ করে বাংলাদেশের জনগণের এ নিয়ে প্রত্যাশা এবং পরবর্তী নির্বাচনকে বিবেচনায় নিয়ে এমন একটা উদ্যোগ চলছে। শেষ মুহূর্তে কী হতে চলেছে, তা ৮ এপ্রিলের শীর্ষ বৈঠক, এমনকি সফর শেষ হওয়ার আগে বলা মুশকিল। তবে চুক্তি এবার সই না হলেও খুব অল্প সময়ে তা সই হবে, ঠিক করা এমন ঘোষণা দেওয়ার কথা ভাবা হচ্ছে।
তিস্তা নিয়ে যে কিছু একটা হওয়া দরকার, তা নিয়ে দুই দেশের কর্মকর্তারা কয়েক মাস ধরেই আলোচনা করছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনায় চীনকে যুক্ততার কথা বলে ঢাকা-দিল্লির জন্য সফরের আগে একধরনের অস্বস্তি তৈরি করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশের কূটনীতিকেরা।
২০১০-এ শেখ হাসিনার দিল্লি সফর, ২০১১-তে মনমোহন সিংয়ের ঢাকা সফর আর ২০১৫-তে নরেন্দ্র মোদির ঢাকা সফরের সঙ্গে একেবারেই আলাদা। নানা কারণে শেখ হাসিনার এবারের সফরটি কৌতূহলের, প্রত্যাশার এবং জল্পনার। ২০১০-এ কী হতে যাচ্ছে অর্থাৎ ট্রানজিট, ঋণচুক্তিসহ নতুন বিষয়গুলো সফরের আগেভাগেই স্পষ্ট হয়েছিল। ২০১১-তে তিস্তা যে হচ্ছে না, তা ঠিক হয়ে যায় সফরের দুই দিন আগে। আর ২০১৫-তে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত হয়ে যায় সফরের আগেভাগেই। কিন্তু এবার ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে দুবার সফর পেছানো, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঢাকা সফরের কিছুদিন পর ভারতের তখনকার প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের বাংলাদেশে গিয়ে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা আর তিস্তাকে ঘিরে অনিশ্চয়তা সফরকে নতুন মাত্রা দিয়েছে।