প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ
প্রতিরক্ষাসহ নানা বিষয়ে সহযোগিতায় গুরুত্বারোপ

বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা খাতসহ নানা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশের বিভিন্ন খাতে উন্নয়নকাজে বেইজিং বরাবরই সহযোগিতা করে আসছে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গতকাল সোমবার সকালে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চাং ওয়ানকুয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন শেখ হাসিনা। সাক্ষাতের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
ইহসানুল করিম বলেন, আঞ্চলিক সংযোগ স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএন) অর্থনৈতিক করিডর চালুর প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের পদক্ষেপের ফলে সহযোগিতার একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে এবং এতে করে এই চার দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডও বিস্তৃতি লাভ করবে। এ ছাড়া বৈঠকে চীনের ‘ওয়ান চায়না পলিসি’ বিষয়ে বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার মাধ্যমেই যেকোনো দেশের সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলা সম্ভব।
প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা সশস্ত্র বাহিনীতে আধুনিক প্রযুক্তির সন্নিবেশ ঘটিয়ে তাদের সক্ষমতা আরও বাড়াতে চাই। এটা যে শুধু যুদ্ধের জন্যই দরকার তা নয়, প্রতিরক্ষা বাহিনীর সার্বিক উন্নয়নের জন্যও এর প্রয়োজন রয়েছে।’
শেখ হাসিনা চীনের প্রতিরক্ষামন্ত্রীর মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
বাংলাদেশের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে উল্লেখ করে চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।’ ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সেই সফরেই দুই দেশের মধ্যে ‘স্টেট টু স্টেট’ এবং ‘মিলিটারি টু মিলিটারি’ সম্পর্ক উন্নয়নে মতৈক্য প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশের তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়।’
চীনের প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে ৩৯ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল তিন দিনের সফর শেষে গতকাল ঢাকা ত্যাগ করে।