প্রতিরোধযোদ্ধা নিবারণকে দেখার কেউ নেই

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রতিরোধযোদ্ধা নিবারণ চন্দ্র ভদ্র (৬৮) চার মাস ধরে শয্যাশায়ী। টাকা না থাকায় চিকিৎসাও করাতে পারছেন না। পরিবার-পরিজন না থাকায় প্রতিবেশী এক রিকশাচালক তাঁর দেখভাল করছেন।
উপজেলা প্রতিরোধযোদ্ধা পরিষদের সভাপতি মো. ফজলুল হক বলেন, ১৯৭৫ সালে উপজেলার দুই শতাধিক যুবক বঙ্গবন্ধুকে হত্যার বিষয়টি মেনে নিতে পারেননি। তাঁরা প্রতিরোধযোদ্ধা হিসেবে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। তাঁদের মধ্যে নিবারণও ছিলেন। তিনিসহ আরও তিন প্রতিরোধযোদ্ধা বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নিবারণ বিয়ে করেননি। তিনি উপজেলার গোজাকুড়া গ্রামে বোনের ছেলে প্রল্লাত চন্দ্রের বাড়িতে থাকতেন। দিনমজুরি করে এলাকার মানুষের সাহায্য-সহযোগিতায় তিনি চলতেন। দেড় বছর আগে প্রল্লাত হঠাৎ মারা যান। তখন থেকে নিবারণ বাড়িতে একা থাকতেন। একাই রান্নাবান্না করে খেতেন।
চার মাস আগে নিবারণের মাথায় রক্তক্ষরণ হয়। এরপর থেকে তাঁর ডান হাত, পা ও মুখমণ্ডল অবশ হয়ে পড়ে। তিনি একা আর চলতে-ফিরতে পারছেন না। নিবারণের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি একটা ভাঙা ঘরে চৌকিতে শুয়ে আছেন। প্রতিবেশী সাহেদ আলী বলেন, ‘আমারই অভাবের সংসার। কিন্তু নিবারণের অবস্থা দেখে খুব কষ্ট হয়। তাই আমার পরিবারের লোকজন নিবারণের খাওয়া-গোসল থেকে সবকিছু করে।’
উপজেলা প্রতিরোধযোদ্ধা পরিষদের সভাপতি ফজলুল হক বলেন, অর্থাভাবে নিবারণের চিকিৎসা করানো যাচ্ছে না। সরকারি-বেসরকারিভাবে কোনো সহযোগিতা পেলে তাঁদের উপকার হবে।