প্রতিরোধের মুখে ফরিদপুর শহরে ঢুকতে পারলেন না সাকা চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিরোধের মুখে ফরিদপুর শহরে ঢুকতে পারেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন কাদের (সাকা) চৌধুরী। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য কে এম ওবায়দুর রহমানের তৃতীয় মৃতুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তাঁর প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা ছিল। গতকাল বিকেল সাড়ে তিনটায় এ আলোচনা অনুষ্ঠানের সময় নির্ধারিত ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটা থেকে নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের নেতৃত্বে আওয়ামী লীগের শত শত নেতা-কর্মী ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা প্রবেশমুখে তালমার মোড়ে প্রতিরোধ গড়ে তোলেন। লাঠি, রড, রামদা ও চাপাতি নিয়ে পুলিশের সামনে প্রকাশ্যে তাঁরা মহড়া দেন এবং মিছিল করেন। গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে তাঁরা নগরকান্দা প্রবেশমুখ বন্ধ করে দেন। এ সময় মহাসড়ক দিয়ে চলাচলকারী প্রতিটি মাইক্রোবাস ও মোটরসাইকেলে তল্লাশি চালানো হয় এবং গাড়ির যাত্রীদের সঙ্গে অসদাচরণ করা হয়। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাঙ্গা রাস্তার মোড় ও মহিলা রোড এলাকায়ও প্রতিরোধ গড়ে তোলেন।বিকেল চারটায় ভাঙ্গা রাস্তার মোড়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সামছুল হকের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিকেল তিনটায় একই স্থানে কোতোয়ালি থানা আওয়ামী লীগের উদ্যোগে খলিফা কামাল উদ্দিনের সভাপতিত্বে আরেকটি প্রতিবাদ সভা হয়। এতে বক্তারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধী আখ্যায়িত করে ফরিদপুর শহরে তাঁকে ঢুকতে না দেওয়ার ঘোষণা দেন।বেলা দুইটার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরী ঢাকা থেকে ফরিদপুর শহরের দেড় কিলোমিটার দূরে আরইএসপি রেস্টহাউসে যান। প্রতিরোধের খবর শুনে তিনি আর শহরে যাননি। বিকেল পাঁচটায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। এর আগে সালাউদ্দিন কাদের চৌধুরী সেখানে এক সংবাদ সম্মেলন করেন। ফরিদপুরে নিজের শ্বশুরবাড়ি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আমার শ্বশুরবাড়ি এসে আজ যে আপ্যায়ন পেলাম, তার হিসাব বুঝিয়ে দেব সংসদের উপনেত্রীকে যখন তিনি তাঁর শ্বশুরবাড়ি চট্টগ্রামে যাবেন। সরকার আমাকে, আমার কথাকে ভয় পায় বলেই আজ এ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ আজ যা করল, তার জন্য নিন্দা করতে চাই না, কেননা এ দল নিন্দারও অযোগ্য।’ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে প্রতিহত করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে জনতা সমবেত হওয়ায় তিনি নির্ধারিত অনুষ্ঠানে না গিয়ে সংবাদ সম্মেলন করে ফিরে গেছেন।নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী। তাই শহীদদের রক্তে রঞ্জিত ফরিদপুরের পবিত্র মাটিতে তাঁকে ঢুকতে দেব না বলেই প্রতিরোধ করেছি।’