সিলেট কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থী মিসবাহ উদ্দিনকে প্রতিশোধ নেওয়ার জন্য চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হওয়া হত্যা মামলার আসামি কবির আহমদ গতকাল শুক্রবার সিলেট মহানগর জ্যেষ্ঠ হাকিমের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেছেন।
আসামি কবিরের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বলধী গ্রামে। নিহত মিসবাহ (২২) সিলেট নগরের মজমুদারি এলাকার বাসিন্দা ছিলেন। জার্মানপ্রবাসী রহমত উল্লাহর একমাত্র ছেলে মিসবাহ জার্মান গিয়ে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চণ্ডীপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর রাত সাড়ে আটটায় সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় মিসবাহকে। ঘটনার পর ঘটনাস্থলে থাকা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে কবিরকে খুনি শনাক্ত করে পুলিশ। এ ঘটনায় তাঁকেসহ ছয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন মিসবাহর মা নাজমা বেগম। ঘটনার ১২ দিনের মাথায় পুলিশ মুঠোফোন ট্রাকিংয়ের মাধ্যমে গত বৃহস্পতিবার সকালে কবিরকে ঢাকা থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পরপরই কবিরকে সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হলে তিনি জবানবন্দি দিতে রাজি হন। সেই অনুযায়ী গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কবির আদালতে জবানবন্দি দেন।
পুলিশ জানায়, জবানবন্দিতে কবির বলেছেন, ছয় মাস আগে মিসবাহ তাঁকে মারধর করেছিলেন। এ ঘটনার প্রতিশোধ নিতে তিনি ওই দিন চাপাতি দিয়ে মিসবাহকে একটি কোপ দিয়েছিলেন। এই হত্যাকাণ্ডে তাঁর সঙ্গে ছয়জন অংশ নেয়।
সিলেট কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) মো. নুরুল হুদা আশরাফী বলেন, জবানবন্দি গ্রহণের পর সন্ধ্যায় কবিরকে জেলে পাঠানো হয়েছে। তাঁর সঙ্গীদের নাম ও ঠিকানা পাওয়ায় তাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়েছে।