স্কুলছাত্র ইমন হোসেনকে হত্যা করে লাশ নয় টুকরা করেন তাঁর চাচা আহাম্মদ আলী ও সিরাজ মিয়া, চাচাতো ভাই নাহিদ হাসান ও সেন্টু। দুই বছর আগের একটি ঝগড়ার ঘটনার প্রতিশোধ নিতে নৃশংসভাবে খুন করা হয় শিশু ইমনকে। এ কথা স্বীকার করে গতকাল সোমবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা হোসেনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মামলার প্রধান আসামি নাহিদ।
ইমন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চর রাধা নগরের ইসমাইল হোসেন ওরফে রমজান আলীর ছেলে। সে কানাইনগর ছোবহানিয়া উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ত। ইমনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। আদালতে দেওয়া জবানবন্দিতে নাহিদ উল্লেখ করেন, দুই বছর আগে ঝগড়াঝাঁটির জের ধরে চাচাতো ভাই ইকবাল (ইমনের বড় ভাই) লাঠি দিয়ে তাঁর বাবা আহম্মদ আলীর মাথা ফাটিয়ে দেন। এ ঘটনায় সালিসে ইকবালকে পাঁচ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। ওই ঘটনার প্রতিশোধ নিতে গত ১৩ জুন ইমনকে বাসা থেকে ডেকে নিয়ে আসেন তাঁর মা সালমা বেগম। এরপর ইমনের নাকে রুমাল চেপে ধরার পর অচেতন হয়ে যায়। পরে ইমনকে নৌকায় তুলে চর রাধানগরের একটি ধইঞ্চাখেতে নেওয়া হয়। সেখানে আগে থেকেই আরও কয়েকজন অপেক্ষা করছিলেন। মা সালমা ও বোন হুসনা ইমনকে জোর করে চেপে ধরে নৌকায় শোয়ায়। আহাম্মদ আলী ধারালো ছুরি দিয়ে ইমনকে জবাই করে মাথা বিচ্ছিন্ন করে ফেলেন। চাচাতো ভাই সেন্টু চাপাতি দিয়ে ইমনের দুই হাত ও পাঁজর বিচ্ছিন্ন করেন। নাহিদ চাকু দিয়ে ঊরু থেকে দুই পা বিচ্ছিন্ন করেন। চাচা সিরাজ চাপাতি দিয়ে কুপিয়ে তা টুকরা করেন। পরে নয় টুকরা লাশ ধইঞ্চাখেতে ফেলে দিয়ে তাঁরা রক্তমাখা নৌকা, চাকু ও কাপড় পরিষ্কার করে বাড়িতে চলে যান।
নয় দিন পর ২২ জুন বিকেলে ধইঞ্চাখেত থেকে ইমনের খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করে সালমা বেগম ও সিরাজের ছেলে মামুন মিয়াকে। গত রোববার ঢাকার চকবাজার এলাকা থেকে নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর নাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।