প্রতিশ্রুত কোনো কাজই শুরু করতে পারেননি দুই মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গত এক বছরে কোনো প্রকল্পের কাজ শুরু করতে পারেননি খুলনা ও বরিশালের দুই মেয়র৷ অপরদিকে ২০১৪-১৫ অর্থবছরে ঘোষিত বাজেটে প্রয়োজনীয় অর্থবরাদ্দ না পাওয়ায় খুলনা নগরে চলমান উন্নয়নকাজও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷
করপোরেশন সূত্রে জানা গেছে, খুলনার মেয়র মনিরুজ্জামান নির্বাচনী ইশতেহারে বলেছিলেন, মহানগরের সড়ক উন্নয়ন এবং বর্জ্য ও বৃষ্টির পানি নিষ্কাশন, খালিশপুর শিল্পাঞ্চল পুনরুজ্জীবনে পদক্ষেপ নেওয়া হবে৷ কিন্তু এসব বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি৷ একটু বৃষ্টি হলেই নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়৷
ইশতেহারে তিনি আরও বলেছিলেন, সুন্দরবন রক্ষায় ভূমিকা গ্রহণ, সিটি করপোরেশনের এলাকা সম্প্রসারণ এবং ক্ষুদ্র যানবাহনের লাইসেন্স দেওয়া হবে৷ এসব ব্যাপারেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি৷ এ ছাড়া শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী সহায়ক পরিকল্পনা; মাদকবিরোধী খুলনা গড়ার অঙ্গীকার; নারী অধিকার প্রতিষ্ঠায় সহায়তা প্রদান; নগরবাসীর স্বাস্থ্য উন্নয়ন, মহানগরের পার্ক, উদ্যান ও বৃক্ষ সংরক্ষণ; ক্রীড়া, বিনোদন ও শরীরচর্চার সুযোগ সৃষ্টি; ভেজালমুক্ত বিশুদ্ধ খাদ্য সরবরাহ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নেও কোনো উদ্যোগ েনওয়া হয়নি৷
এ ব্যাপারে খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম বলেন, ‘কেসিসিসহ সাতটি সিটি করপোরেশন বৈষম্যের শিকার হচ্ছে৷ রাজনৈতিক কারণে সিটি করপোরেশনগুলো প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না৷ সাবেক মেয়র তালুকদারের সময়ে পাওয়া বাজেট এবং সে সময়ে চলমান কাজগুলো এখনো চলছে৷ কেসিসি নতুন কোনো কাজ শুরু করেছে বলে আমার জানা নেই৷ তবে এবারের বাজেটে কেসিসির জন্য প্রয়োজনীয় বাজেট না থাকায় আমরা হতাশ৷’
খুলনা সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা বলেন, ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে শুধু চলমান প্রকল্পগুলোর জন্য বরাদ্দ চাওয়া হয়েছিল৷ কিন্তু সে অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় কাজ বন্ধ হয়ে যাবে৷ মেয়র মনিরুজ্জামান বলেন, ‘আমার এক বছর ২৫ সেপ্টেম্বর পূর্ণ হবে৷ সেদিনই এ ব্যাপারে বলব৷ তবে বাজেটে প্রয়োজনীয় অর্থ না পাওয়ায় কেসিসির উন্নয়ন অনেকটাই বাধাগ্রস্ত হবে৷’
বরিশাল নগরবাসীর অভিযোগ, বরিশাল সিটি করপোরেশনের আধুনিকায়নে প্রথম উদ্যোগ নেন সাবেক মেয়র শওকত হোসেন হিরণ৷ জনগণের আকাঙ্ক্ষা ছিল বর্তমান মেয়র আহসান হাবিব কামাল সেই ধারা অব্যাহত রাখবেন৷ কিন্তু নির্বাচনের পর এক বছর পেরিয়ে গেলেও তাঁদের সেই অাশা পূরণ হয়নি৷ নগরের জলাবদ্ধতা নিরসন, খাল খননসহ জনগণকে সব কাজের সঙ্গে সম্পৃক্ত রাখার প্রতিশ্রুতি দিলেও মেয়র তা পূরণে উদ্যোগ নেননি৷
মেয়রের অন্য প্রতিশ্রুতিগুলোর মধ্যে ছিল, সন্ত্রাসমুক্ত বরিশাল গড়া, ভোলার গ্যাস এনে বরিশালকে আধুনিক শিল্পনগর হিসেবে গড়ে তোলা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং বরিশালকে মাদকমুক্ত নগরে পরিণত করা৷
এ ছাড়া মহাপরিকল্পনা করে নগরের জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া; খাল খনন কার্যক্রম; বর্ধিত অঞ্চলে বিদ্যুতের ব্যবস্থাসহ রাস্তাঘাট; সেতু ও খাবার পানির ব্যবস্থা; পয়োনিষ্কাশনব্যবস্থার আধুনিকায়ন; নগরের সার্বিক শোভাবর্ধনে ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা; রিকশাচালকদের লাইসেন্স ফি তুলে নেওয়া এবং নাগরিকদের সব ধরনের ট্যাক্স সহনীয় পর্যায়ে আনা৷ আহসান হাবিবের প্রথম প্রতিশ্রুতি ছিল নগর উন্নয়নে সমাজের সর্বস্তরের নাগরিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা৷ কিন্তু একবারের জন্যও নাগরিকদের সঙ্গে কোনো বৈঠক তিনি করেননি৷
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল জেলা সভাপতি আক্কাস হোসেন বলেন, মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি বরিশালের উন্নয়নে কোনো কাজ করেননি৷ আগের রাস্তাঘাট আরও খারাপ হয়েছে৷ তাঁর দেওয়া ২২ দফা অঙ্গীকারের একটির ব্যাপারেও তিনি উদ্যোগ নেননি৷
জানতে চাইলে মেয়র আহসান হাবিব কামাল বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির ২২টির মধ্যে কিছু কিছু পূরণ হয়েছে৷ বাকিগুলো পূরণে উদ্যোগ নেওয়া হবে৷ সর্বস্তরের নাগরিকদের নিয়ে উন্নয়ন পরিকল্পনা করা হয়নি, খুব শিগগির উদ্যোগ নেওয়া হবে৷ মেয়র বলেন, বরাদ্দ বৈষম্যের শিকার হচ্ছে বরিশাল সিটি করপোরেশন৷ যে কারণে নিজস্ব তহবিলের ভিত্তিতেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে৷