প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হয়নি, মুগদার অবস্থা আরও খারাপ
রাজধানীর পূর্বাঞ্চলীয় লোকালয় মুগদার (ওয়ার্ড ৬) বাসিন্দারা সিটি করপোরেশন নির্বাচনের আগে যেসব নাগরিক সমস্যায় ছিলেন, প্রায় এক বছরে সেই অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। কোনো কোনো ক্ষেত্রে ভোগান্তি আরও বেড়েছে। গত শনিবার বিকেলে এলাকায় গিয়ে এ অবস্থা চোখে পড়ে।
৫ মার্চ দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে মুগদায় ‘জনপ্রতিনিধি জনগণের মুখোমুখি’ নামে এক অনুষ্ঠানের আয়োজন ছিল। অনুষ্ঠানে এলাকাবাসী অভিযোগ করেছিলেন তাঁদের নিয়মিত ভোগান্তির বিষয়ে। সেখানে বিশুদ্ধ পানির অভাব, রাস্তাঘাটের দুরবস্থা, মুগদা খালের দূষণ, জলাবদ্ধতা, মশার উৎপাত, মাদকদ্রব্যের বিস্তার ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছিল। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী, ডিএসসিসির মেয়র সাঈদ খোকন উপস্থিত ছিলেন। মুখোমুখি হয়ে ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম ‘সমস্যা দূর করার চেষ্টা করে যাচ্ছেন’ বলে জানিয়েছিলেন। তুলে ধরেছিলেন তহবিলের অভাবের কথাও।
ওয়ার্ড কাউন্সিলরের কাছে জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘এলাকাবাসীর চাহিদার শেষ নেই; যত কাজই করি, তারা সন্তুষ্ট হয় না।’
নির্বাচনের আগে কাউন্সিলর এলাকাবাসীকে যেসব আশ্বাস দিয়েছিলেন, সেগুলোর বেশির ভাগই পূরণ হয়নি—এলাকাবাসীর এই অভিযোগের বিষয়ে কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, ‘যা আশ্বাস দিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি কাজ করেছি। তবে তহবিলের অভাবে রাস্তার কাজ তেমন করতে পারিনি, জরুরি ভিত্তিতে কিছু কাজ করেছি।’
এলাকা ঘুরে দেখা যায়, নামে খাল হলেও মুগদা খালটি এখন দূষিত নর্দমা। মশার প্রজননক্ষেত্র। দখলে-দূষণে আগের তুলনায় আরও সরু হয়ে পড়ায় অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। খাল দিয়ে পানিপ্রবাহ বন্ধ। এলাকাবাসীর বক্তব্য, মশার উপদ্রব বর্তমানে এলাকার অন্যতম সমস্যা। দিন পনেরো আগে মশার ওষুধ দেওয়া শুরু হয়। এর আগে থেকে মাসের পর মাস মশার উৎপাতে দিনের বেলায়ও মশারি টানাতে হয়েছে। এখন অনিয়মিতভাবে ওষুধ দেওয়া হলেও মশার উপদ্রব কমেনি। খালের পূর্ব পাড়ে অবৈধ দোকানপাট। বস্তি করেও ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন কয়েকজন বাসিন্দা।
বিশুদ্ধ পানির জন্য ওয়াপদা রোডের পাম্পে বিভিন্ন বয়সের মানুষের ভিড়। হাঁড়ি, কলসি, জারিকেনের লাইন। বৃষ্টি না হলেও কিছু রাস্তায় ময়লা পানি রয়েছে। এলাকার বয়োজ্যেষ্ঠ বাসিন্দা তরিকুল আলম বলেন, ‘এলাকায় পয়োলাইন নেই, ড্রেনেজ লাইনেই সব যায়। পাইপগুলো পাকিস্তান আমলে তৈরি করা। এরপর আর সংস্কার খুব একটা হয়নি।’
২০ ফুট চওড়া প্রধান সড়কটিতে শনিবার ছুটির দিনেও ছিল যানবাহনের ভিড়। ওই রাস্তা ছাড়া এলাকার বেশির ভাগ রাস্তা মেরামত হয়নি। কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, সরকারি নিয়ম অনুযায়ী একটি রাস্তা তিন বছরে একবার মেরামত করা যায়। সিটি করপোরেশন নির্বাচনের আগে ঠিকাদারেরা সিন্ডিকেট করে নিম্নমানের কাজ করেছেন। যার জন্য রাস্তা দ্রুত ভেঙে গেছে। সিটি করপোরেশন থেকে বিশেষ বরাদ্দ নিয়ে চারটি রাস্তা মেরামত করছেন।
বিশুদ্ধ পানি সরবরাহ এবং খাল সংস্কার করা ঢাকা ওয়াসার কাজ বলে মনে করিয়ে দেন কাউন্সিলর।