প্রতিশ্রুতি আসে, সেতু হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হরিহরদী বাজারের পাশে ব্রহ্মপুত্র নদের ওপর ২৬ বছরেও সেতু নির্মিত হয়নি। এতে এলাকার মানুষ ভোগান্তি পোহাচ্ছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হরিহরদী বাজারের পাশে ব্রহ্মপুত্র নদের ওপর ২৬ বছরেও সেতু নির্মিত হয়নি। এতে এলাকার মানুষ ভোগান্তি পোহাচ্ছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

২৬ বছর ধরে জাতীয় সংসদ বা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা হলেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হরিহরদীতে ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত সেতু নির্মাণ করা হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, সনমান্দি ইউনিয়নের হরিহরদী বাজারের পাশে ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণের জন্য ২৬ বছর ধরে ওই ইউনিয়নের ২৫টি গ্রামের ২০ হাজার মানুষ দাবি জানাচ্ছে। সাংসদ থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান ও সরকারের বিভিন্ন দপ্তরে তদবিরও করা হয়েছে। তবে কাজ হয়নি।
স্থানীয় সূত্র জানায়, ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির রেজাউল করিম এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হন। নির্বাচনের পর তিনি কথা রাখেননি। ১৯৯৬ সালের সংসদ নির্বাচনের আগে তিনি আবার প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে তিনি সেতুটি নির্মাণ করবেন। সেবারও তিনি নির্বাচিত হন। একইভাবে ২০০১ সালেও তিনি সাংসদ নির্বাচিত হন। কিন্তু এলাকাবাসীর সেতুর স্বপ্ন বাস্তবায়ন হয়নি।
২০০৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল কায়সার নির্বাচিত হলে প্রথমেই সেতুটি নির্মাণ করার ঘোষণা দিয়ে নির্বাচিত হন। তবে তিনি সেতু নির্মাণ করতে পারেননি। সর্বশেষ গত সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন ওরফে খোকা ওই এলাকায় গিয়ে ঘোষণা দেন, পরবর্তী ছয় মাসের মধ্যে এ সেতু নির্মাণ করবেন তিনি। তাঁর প্রতিশ্রুতিরও দুই বছর পার হয়ে গেল। কিন্তু কোনো কাজ হচ্ছে না।
গত ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের এক সপ্তাহ আগে ওই ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জাহিদ হাসানকে সঙ্গে নিয়ে সাংসদ সেতুর এলাকাবাসীকে বলেন, এ সেতুর সরকারি অনুমোদন পাওয়া গেছে। এখন বাস্তবায়নের পালা।
হরিহরদী এলাকার বাসিন্দা আবুল হোসেন বলেন, ২৬ বছর ধরে সাংসদ থেকে শুরু করে এ ইউপির চেয়ারম্যান প্রার্থীরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন। কিন্তু ভোটের পর তাঁরা সব ভুলে যান।
গতকাল শুক্রবার সকালে হরিহরদী বাজারে গিয়ে কথা হয় ব্যবসায়ী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে। ব্যবসায়ী মোশারফ হোসেন ও শাহ আলম মিয়া বলেন, এ সেতু নির্মাণ না হওয়ায় এলাকার ২০ হাজার মানুষের কৃষি, যাতায়াত, শিক্ষা, অর্থনীতিসহ নানা বিষয়ে বিরূপ প্রভাব পড়ছে। শুষ্ক মৌসুমে সাঁকো দিয়ে ব্রহ্মপুত্র নদ পার হলেও গত কয়েক দিন ধরে নদে পানি বাড়ায় সাঁকো তলিয়ে গেছে। এ কারণে ছোট নৌকা দিয়ে নদ পার হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ ও স্থানীয় স্কুল-কলেজে যাতায়াত করছে মানুষ। সেতু না থাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীর সংখ্যা যেমন কমে যাচ্ছে, তেমনি কৃষকেরা কম মূল্যে কৃষিপণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
সাবেক সাংসদ রেজাউল করিম বলেন, ‘সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলাম—এ কথা সত্য। অর্থ বরাদ্দ না থাকায় নির্মাণকাজ শুরু করা যায়নি।’
সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘প্রতিশ্রুতি দিয়েও সেতু নির্মাণ করতে না পারায় আমি এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি।’ বর্তমান সাংসদ লিয়াকত হোসেন বলেন, ‘আমি সেতুটি নির্মাণ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এলজিইডির সোনারগাঁ উপজেলা প্রকৌশলী নুর নবী পাঠান বলেন, ‘আমরা এ সেতুর নির্মাণের স্থান নির্বাচন করেছি। তবে এখন পর্যন্ত সরকার সেতু নির্মাণের কোনো অনুমোদন দেয়নি।’