প্রতিশ্রুতি দিয়েও উল্টো উন্নয়ন সহযোগীরা সহায়তা কমিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে সহায়তা দিতে উদাসীনতার জন্য শিল্পোন্নত দেশগুলোর তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জলবায়ু অর্থায়ন কোনো দয়া-দাক্ষিণ্য নয়। শিল্পোন্নত দেশগুলো যুগ যুগ ধরে যে বায়ুদূষণ করে আসছে, এটা তার ক্ষতিপূরণ।’প্রধানমন্ত্রী গতকাল বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘জলবায়ু পরিবর্তন: কপ ১৭-পরবর্তী করণীয়’ শীর্ষক বিভিন্ন দেশের এমপিদের তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, ‘জলবায়ু তহবিলে অর্থায়ন কোনো রকম দয়া-দাক্ষিণ্য নয়, এটা তাদের প্রতিশ্রুতি। তারা এটি তাদের বার্ষিক বৈদেশিক উন্নয়ন সহায়তার (সিডিএ) আওতায় নতুন, অতিরিক্ত এবং অনুদান হিসেবে আমাদের দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু উন্নয়ন-সহযোগীরা উল্টো তাদের এ প্রতিশ্রুতি পূরণ না করে বিগত দুই দশকে বৈদেশিক সহায়তা কমিয়েছে। এখন তারা জলবায়ু অর্থায়নের সঙ্গে উন্নয়ন অর্থায়নকে মিলিয়ে ফেলছে।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশসহ অনেক দেশ জলবায়ুর প্রভাবের সঙ্গে খাপ খাওয়ানোর ও ঝুঁকি মোকাবিলার চেষ্টা করছে। কিন্তু এ বিশাল কর্মযজ্ঞে তারা আন্তর্জাতিক গোষ্ঠীর প্রত্যাশিত সাড়া পাচ্ছে না।স্পিকার আবদুল হামিদ সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, পাকিস্তান জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী সদস্য ফয়সাল করিম, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিজনার বক্তব্য দেন। পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এতে স্বাগত বক্তব্য দেন।যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আল গোর এক ভিডিও বার্তায় আশাবাদ ব্যক্ত করেন, এমপিদের এই সম্মেলন বৈশ্বিক নেতৃত্ব তৈরিতে সহায়তা করবে।আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৮টি দেশের প্রায় ৪০ জন এমপি সম্মেলনে যোগ দিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন দক্ষিণ আফ্রিকার আইনসভার স্পিকার আবদিরাইম এইচ আবদি ও মালদ্বীপের ডেপুটি স্পিকার আহমেদ নাজিম।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল, বিশাল কর্মযজ্ঞে আমরা আন্তর্জাতিক গোষ্ঠীর যথেষ্ট সহায়তা পাব, কিন্তু তাদের কাছ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি। ফলে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিভিন্ন কর্মসূচির গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশের উন্নয়ন বাজেটের একটা অংশ এসব কাজে ব্যয় করা হবে।’ দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থের প্রতি উদাসীনতার জন্য কয়েকটি শিল্পোন্নত দেশের সমালোচনা করে তিনি বলেন, কিয়োটো প্রটোকল থেকে তাদের বেরিয়ে যাওয়ার হুমকি ‘কপ সেভেনটিন’কে ব্যর্থতার মুখে ঠেলে দিয়েছিল, যা ছিল অগ্রহণযোগ্য। কিন্তু অধিকাংশ দেশের সম্মিলিত উদ্যোগের কারণে তা হয়নি।কোপেনহেগেনে দেওয়া শিল্পোন্নত দেশগুলোর প্রতিশ্রুতি পূরণে অনীহার ব্যাপারে হতাশা ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত গ্রিন ক্লাইমেট ফান্ড পরিচালনায় কীভাবে তহবিল সংগৃহীত হবে, তা পরিষ্কার নয়। সবুজ প্রযুক্তি হস্তান্তরের কোনো প্রক্রিয়াও দেখা যাচ্ছে না।এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গতকাল এক বিজ্ঞপ্তিতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তহবিল ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহি ও সততা নিশ্চিত করতে সম্মেলনে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানিয়েছে।