প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিমন্ত্রী, কাজ হয়নি কোথাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেশির ভাগ সড়কের বেহাল দশা অনেক বছর ধরে। গত নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট সংস্কার করবেন; কিন্তু গত আড়াই বছরে কোথাও কোনো কাজ হয়নি। বর্তমানে উপজেলার প্রধান সড়কসহ অধিকাংশ রাস্তাঘাটের চরম বেহাল অবস্থা। যানবাহন নিয়ে চলাচল করা দুষ্কর। উপায়ান্তর না পেয়ে অনেক পথ হেঁটেই চলাচল করতে হচ্ছে উপজেলাবাসীকে।রাজধানী ঢাকার সঙ্গে নবাবগঞ্জের যোগাযোগের প্রধান পথ ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়ক। এ সড়কের বর্ধনপাড়া থেকে মরিচা পর্যন্ত ১২ কিলোমিটার অংশের অবস্থা চরম ভাঙাচোরা। এ জন্য ঢাকায় যাতায়াতের সময় ভোগান্তির শিকার হতে হয় উপজেলাবাসীকে।দুর্গাপুর-কামারখোলা সড়ক সংস্কার করা হয়নি প্রায় এক যুগ ধরে। সড়কটি বর্তমানে যানবাহন চলাচলে সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। ইট-খোয়া উঠে গিয়ে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। গর্তের মধ্যে পড়ে এবং উঁচু-নিচু রাস্তার ঝাঁকুনিতে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। অনেক সময় রাস্তার ওপর যানবাহন বিকল হয়ে সৃষ্টি হচ্ছে যানজট। রাস্তার এ বেহাল দশার কারণে গত বছর বন্ধ হয়েছে গালিমপুর-বাড়ৈখালী হয়ে গুলিস্তান সড়কে বৈশাখী বাস সার্ভিস। এলাকাবাসী একাধিক দপ্তরে বিভিন্ন সময় অভিযোগ করলেও সড়কটি সংস্কার করা হচ্ছে না।উপজেলা সদরের সঙ্গে নয়নশ্রী ইউনিয়নের লোকজনের যোগাযোগের পথ নয়নশ্রী-জামশা সড়ক। এ সড়কের অবস্থাও খুব খারাপ। বর্ষা মৌসুমে রাস্তায় পানি জমে বিটুমিনের আস্তর নষ্ট হয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। রিকশা, ভ্যান, অটোরিকশা ও সিএনজিচালিত যানের চালকেরা এ রাস্তায় সহজে যাত্রী বহন করতে চান না।স্থানীয় বাংলাবাজার গ্রামের বাসিন্দা সমির মণ্ডল জানান, স্থানীয় সাংসদ এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান গত নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট সংস্কার করবেন; কিন্তু গত আড়াই বছরে কোথাও কোনো কাজ হয়নি। চলতি বর্ষায় এলাকার বেশির ভাগ রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইউনিয়নের প্রায় ৩০ হাজার বাসিন্দাকে এখন হেঁটেই যাতায়াত করতে হয়।সিএনজিচালিত যানের চালক রফিক মিয়া জানান, ইটের ধারালো টুকরার কারণে যানবাহন বিকল হয়ে যায়। প্রতিবার যাতায়াতের সময় ঝাঁকুনিতে গাড়ি বন্ধ হয়ে যায়। সিএনজির বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে যায়।এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ সড়কের অবস্থা চরম বেহাল। উপজেলার অন্যতম সড়ক কাশিমপুর থেকে থানা রোড, টিকরপুর বাসস্ট্যান্ড থেকে কোমরগঞ্জ গাজীখালীর রাস্তাগুলোর করুণ দশা। থানা রোডের গোলচত্বর হয়ে নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় পর্যন্ত অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়।এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, সড়কগুলো পুনঃসংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। ডিসেম্বরে কিছু সড়ক সংস্কারের অনুমোদন পাওয়া গেছে। বাকি সড়কগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।